পেনাল্টি না পেয়ে ভিএআর অফিসিয়ালকে ধুয়ে দিলেন ক্লপ
অ্যানফিল্ডের ম্যাচে বক্সে মার্টিন ওডেগোরের হাতে বল লাগার বিষয়টি অবশ্য এড়িয়ে গেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
ঘটনা ম্যাচের ১৯তম মিনিটের। বক্সে মোহামেদ সালাহর শট আটকাতে গিয়ে হাতে বল লাগে মার্টিন ওডেগোরের। বিষয়টি আমলে না নিয়ে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি। ওই ঘটনা নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইয়ুর্গেন ক্লপ। ভিএআর দেখার দায়িত্বে থাকা অফিসিয়ালকে ধুয়ে দিলেন লিভারপুল কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডের হাইভোল্টেজ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। গাব্রিয়েলের গোলে এগিয়ে গিয়ে ২০১২ সালের পর লিভারপুলের মাঠে লিগ ম্যাচে প্রথম জয়ের সম্ভাবনা জাগিয়েছিল আর্সেনাল; সালাহর গোলে ভেস্তে যায় তাদের আশা।
২৯তম মিনিটে সালাহ সমতা ফেরানোর ১০ মিনিট আগে তার শটেই বক্সে ওডেগোরের হাতে বল লেগেছিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি ভিএআরে দেখার জন্য খেলা থামানোর প্রয়োজনও বোধ করেননি তিনি। ভিএআরের দায়িত্বে ছিলেন ডেভিড কুটে।
ক্লপ রাগ-ক্ষোভ উগরে দিয়েছেন কুটের ওপরই। রেফারিকে অভিযোগের তিরে বিদ্ধ করেননি লিভারপুলের এই জার্মান কোচ।
“হ্যাঁ, আমি এটা দেখেছি। আমি ভালোভাবেই নিশ্চিত, কেউ এসে আমার কাছে ব্যাখ্যা করবে কেন এটা হ্যান্ডবল ছিল না, কিন্তু আমি জানি না কেন (দেওয়া হলো না)?”
“আমি বলছি না যে, রেফারি এটা দেখতে পেরেছে। কেননা, আমি জানি না, ওই সময় সে কোথায় ছিল। কিন্তু অফিসে বসে থাকা একটা লোক (ভিএআর অফিসিয়াল) কিভাবে এটা দেখে এবং এই সিদ্ধান্তে আসতে পারে না যে, সম্ভবত রেফারিকে আরেকবার চোখ বোলানোর জন্য বলা যেতে পারে।”
একই বিষয় নিয়ে ম্যাচ শেষে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি অবশ্য এড়িয়ে গেছেন।
“দুটো বড় সিদ্ধান্ত ছিল, আমি এখনও সেগুলো আবারও দেখিনি। আমাকে এ নিয়ে আগেও জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু আমি ওগুলো পুনরায় দেখিনি।”
এই ড্রয়ে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।
