২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনচেলত্তিকে ভাবনায় রেখে ব্রাজিলে নতুন অন্তবর্তীকালীন কোচ

আগামী বছর আনচেলত্তি দায়িত্ব নেবেন, এই আশায় আপাতত ১ বছরের জন্য ব্রাজিলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ফের্নান্দো জিনিসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 10:29 AM

Updated : 05 Jul 2023, 03:54 PM

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে এক বছর অপেক্ষা করবে ব্রাজিল। এই এক বছরের জন্য অন্তবর্তীকালীন একজন কোচও ঠিক করে ফেলেছে তারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেবেন আপাতত ফ্লুমিনেন্সের কোচ ফের্নান্দো জিনিস।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার জানায়, সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলি থেকে কাজ শুরু হবে। জাতীয় দলের পাশাপাশি ক্লাব দল ফ্লুমিনেন্সের দায়িত্বও চালিয়ে যাবেন ৪৯ বছর বয়সী এই কোচ। 

এতদিন ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করা ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের কোচ রামন মেনেজেসের জায়গায় আবারও একজন অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়াই বলে দিচ্ছে, আনচেলত্তির জন্যই অপেক্ষা করছে ব্রাজিল। ব্রাজিলের সংবাদমধ্যম গ্লোবোকে সিবিএফ সভাপতি এদনাল্দো রদ্রিগেস জানিয়েছেন, আগামী বছরের ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা থেকেই জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। 

আগামী মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আছে আনচেলত্তির। ইতালিয়ান এই কোচ ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে তবেই ব্রাজিলের দায়িত্ব নিতে চান বলে খবর গ্লোবোর। 

আপাতত অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েই উচ্ছ্বসিত ফের্নান্দো জিনিস। সাবেক এই মিডফিল্ডারের খেলোয়াড়ি জীবন বলার মতো এমন কিছু নয়। তবে কোচ হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারে কাজ করে ফেলেছেন ১৬টি ভিন্ন ক্লাবে। ফ্লুমিনেন্সে ২০১৯ সালে এক দফায় কাজ করার পর গত বছর দায়িত্ব নেন আবার। এখন জাতীয় দলের দায়িত্বে সফল হবেন বলেই বিশ্বাস তার। 

“যে কারও জন্য এটা স্বপ্নের মতো ব্যাপার। জাতীয় দলের হয়ে কাজ করতে পারা দারুণ সম্মান ও গর্বের ব্যাপার। আমাকে এখানে ডেকে আনা হয়েছে, বিশেষ করে যেভাবে এটা হয়েছে, ফ্লুমিনেন্স ও সিবিএফের যৌথ প্রচেষ্টায়। আমি নিশ্চিত যে, এটিকে সামনে এগিয়ে নেওয়ার ও কার্যকর করে তোলার সবকিছুই আমাদের আছে।” 

গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর দায়িত্ব ছাড়েন কোচ তিতে। এরপর থেকে ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চলাচ্ছে ব্রাজিল।