২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত বেলিংহ্যামে মুগ্ধ আনচেলত্তি

প্রতিভা ও পরিশ্রম দিয়ে তরুণ এই ফুটবলার রেয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়িয়ে যাবেন, বিশ্বাস কোচ কার্লো আনচেলত্তির।

দুর্দান্ত বেলিংহ্যামে মুগ্ধ আনচেলত্তি

ম্যাচ শেষে বেলিংহ্যামকে অভিনন্দন জানাচ্ছেন আনচেলত্তি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 01:29 PM

Updated : 13 Aug 2023, 01:54 PM

‘ফ্যান্টাস্টিক’ শব্দটি কয়েকবার উচ্চারণ করলেন কার্লো আনচেলত্তি। পারফরম্যান্স দিয়েই আসলে কোচের প্রশংসাটুকু আদায় করে নিলেন জুড বেলিংহ্যাম। লা লিগা অভিষেকে চোখধাঁধানো এক গোল করলেন তরুণ এই তারকা, উপহার দিলেন দুর্দান্ত পারফরম্যান্স। তবে শুধু এই ম্যাচে নয়, প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে যেমন খেলেছেন বেলিংহ্যাম, যতটা দ্রুত দলে মানিয়ে নিয়েছেন, সব মিলিয়েই তিনি আলাদা জায়গা পেয়ে গেছেন রেয়াল মাদ্রিদ কোচের হৃদয়।

রেয়ালের জার্সিতে লা লিগায় প্রথমবার খেলতে নেমে নান্দনিক এক গোল করেন বেলিংহ্যাম। মাঠে তার উপস্থিতিও ছিল দারুণ। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শনিবার নতুন মৌসুম শুরু করে রেয়াল।

২৮তম মিনিটে প্রথম গোলটি করেন রদ্রিগো। তবে পরে একটি গোল করার পাশাপাশি ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ‘প্লেয়ার অব দা ম্যাচ’ হন বেলিংহ্যাম।

বিশ্ব ফুটবলারের আলোচিত এই তরুণ প্রতিভাকে এই মৌসুমেই বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে আনে রেয়াল মাদ্রিদ। স্বল্প সময়েই কোচের মন জয় করে নিয়েছেন ২০ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার। বিলবাওয়ের সঙ্গে ম্যাচের পর আনচেলত্তির উচ্ছ্বসিত প্রশংসাতেই ফুটে উঠল সবটুকু।

“বেলিংহ্যাম ‘ফ্যান্টাস্টিক’ এক ছেলে। তার মান দারুণ, মাঠে উপস্থিতি দুর্দান্ত, কঠোর পরিশ্রম করে এবং খুব দ্রুত দলে মানিয়ে নিয়েছে।"

"তাকে দেখে মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে যেন এই দলে খেলছে। সে স্রেফ ‘ফ্যান্টাস্টিক।’ এখানে নিজেকে মেলে ধরতে সে উজ্জীবিত। ‘ফ্যান্টাস্টিক’ ফুটবলার সে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

এই ম্যাচে অনেকের নজর ছিল আরেকজনের দিকেও। চোট নিয়ে থিবো কোর্তোয়া লম্বা সময়ের জন্য ছিটকে পড়ায় কৌতূহলের কেন্দ্রে এখন আন্দ্রি লুনিন। ৫ বছর ধরে রেয়াল মাদ্রিদে থাকলেও কখনও কোনো কোচের ভরসার জায়গা হয়ে উঠতে পারেননি যিনি। আনচেলত্তি নিজেও গত মৌসুমে এই গোলকিপারকে খুব একটা মাঠে নামাননি এমনকি অগুরুত্বপূর্ণ ম্যাচেও। এখন পরিস্থিতির কারণে নির্ভর করতে হচ্ছে তার ওপরই।

২৪ বছর বয়সী এই গোলকিপার মৌসুমের শুরুটা যেভাবে করেছেন, তাতে অবশ্য বেশ খুশি আনচেলত্তি।

“লুনিন খুব ভালো খেলেছে। সে সুস্থির ও আঁটসাঁট ছিল। উঁচু বলে তার পারফরম্যান্স ভালো ছিল। পেছন থেকে বলের জোগানও দিয়েছে। রক্ষণে আমরা এত ভালো করেছি যে, তাকে আসলে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি।”

এই ম্যাচে আনচেলত্তি শুরুর একাদশে রাখেনি অভিজ্ঞ দুই মিডফিল্ডার লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে। তবে প্রয়োজন হলেই দুজনকে আবার শুরুর একাদশে দেখা যাবে বলে নিশ্চিত করলেন কোচ।

"আমাদের স্কোয়াডে দুর্দান্ত সব মিডফিল্ডার আছে। ওরা দুজন (মদ্রিচ ও ক্রুস) বিকল্প হিসেবে থাকবে, এমন কিছু বলব না অবশ্যই। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে ঠিকই ওদেরকে লাগবে, গত মৌসুমের মতোই। আজকের জন্য এই দল পছন্দ ছিল আমার, সামনে সেটা বদলেও যেতে পারে।"