১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ‍্যাম্পিয়ন হয়েই কান ও সালিহামিদজিচকে ছাঁটাই করল বায়ার্ন

নতুন প্রধান নির্বাহী হিসেবে ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিজেনকে নিয়োগ দিয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2023, 10:38 PM

Updated : 27 May 2023, 10:38 PM

লিগ শিরোপা জেতার পর আর অপেক্ষা করল না বায়ার্ন মিউনিখ। প্রধান নির্বাহীর পদ থেকে অলিভার কান ও স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে হাসান সালিহামিদজিচকে বরখাস্ত করল জার্মান ক্লাবটি। 

বুন্ডেসলিগার শেষ দিন শনিবার এই ঘোষণা দেয় বায়ার্ন। নতুন প্রধান নির্বাহী হিসেবে ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিজেনকে নিয়োগ দিয়েছে তারা। 

পয়েন্ট তালিকায় পিছিয়ে থেকে এদিন মাঠে নামে বায়ার্ন। কোলনের বিপক্ষে কেবল জিতলেই হতো না তাদের, পক্ষে আসতে হতো বরুশিয়া ডর্টমুন্ড-মাইন্স ম্যাচের ফলও। 

ভাগ্য তাদের সহায় হয় আরও একবার। রোমাঞ্চ ও উত্তেজনার ম্যাচে কোলনকে তারা হারায় ২-১ ব্যবধানে। আর মাইন্সের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়া ডর্টমুন্ড শেষ পর্যন্ত করে ২-২ ড্র। এতে টানা একাদশ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

৩৪ ম্যাচে বায়ার্ন ও ডর্টমুন্ডের পয়েন্ট সমান ৭১। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার হাসি হাসল বাভারিয়ানরা। 

শেষ পর্যন্ত লিগ শিরোপা ধরে রাখতে পারলেও এই মৌসুমে বায়ার্নের পারফরম্যান্সে ছিল না ধারাবাহিকতা। জামার্ন কাপ থেকে ছিটকে পড়া দলটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে। 

দলের ব্যর্থতায় আঙুল উঠছিল জার্মানির সাবেক গোলরক্ষক কানের দিকে। শঙ্কা জেগেছিল তার চাকরি হারানোর। অবশেষে সেটাই হলো।