২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চার সপ্তাহ পর্যন্ত' বাইরে থাকতে পারেন পেদ্রি

ডান ঊরুর পেশিতে চোট পেয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 07:11 PM

Updated : 17 Feb 2023, 07:11 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দলকে দুর্ভাবনায় ফেলে মাঠ ছাড়েন পেদ্রি। ঊরুতে চোট পাওয়া বার্সেলোনার এই মিডফিল্ডারের সেরে উঠতে চার সপ্তাহ লাগতে পারে।

ইউরোপা লিগে নকআউট পর্বের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে ৪১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই স্প্যানিয়ার্ড, তার বদলি নামেন সের্হি রবের্তো। বৃহস্পতিবার রাতের ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।

বিবৃতি দিয়ে শুক্রবার পেদ্রির ডান ঊরুর পেশিতে চোট পাওয়ার বিষয়টি জানায় বার্সেলোনা। তবে তিনি কবে ফিরতে পারেন, তা উল্লেখ করা হয়নি।

তবে স্পেনের সংবাদমাধ্যম এএসের খবর অনুযায়ী, চার সপ্তাহ বাইরে থাকতে হতে পারে পেদ্রিকে। আর সেটা হলে ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগও মিস করবেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ।

কোপা দেল রের শেষ চারের প্রথম লেগের ম্যাচটি হবে আগামী ২ মার্চ।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা আগামী রোববার কাদিসের বিপক্ষে মাঠে নামবে।