০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারত সিরিজ শুরুর আগে নিউ জিল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা

চোটের সঙ্গে লড়ছেন মার্ক চ্যাপম্যান ও জ্যাক ফোকস।

ভারত সিরিজ শুরুর আগে নিউ জিল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে মার্ক চ্যাপম্যানকে পাবে না নিউ জিল্যান্ড। ছবি: চ্যাপম্যানের ইনস্টাগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 05:09 PM

Updated : 09 Oct 2026, 05:08 PM

চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি মার্ক চ্যাপম্যান। আর অনুশীলনের সময় পেশিতে টান লেগেছে জ্যাক ফোকসের। তাতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের এই দুই ক্রিকেটার।

তাদের জায়গায় জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনারকে দলে ডাকার কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

গত মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলার সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান চ‍্যাপম‍্যান। শঙ্কা নিয়েই তাকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখে কিউইরা। এখনও সেরে না ওঠায়, শেষ পর্যন্ত ছিটকেই পড়লেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

ক্যান্টারবুরিতে সম্প্রতি অনুশীলন করার সময় ডান নিতম্বের পেশিতে চোট পান ফোকস। এই পেসারের মাঠে ফেরার সময় এখনও নির্ধারণ করা যায়নি। তবে চ্যাপম্যান ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে অপ্রত্যাশিত এক দুর্ঘটনায় কাঁধে চোট পেয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান রাচিন রাভিন্দ্রা। একটি প্রচারণামূলক ভিডিওর শুটিংয়ে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর বেকায়দায় পড়ে যান তিনি।

রাভিন্দ্রার সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ লাগতে পারে বলে তখন জানিয়েছিল এনজেডসি। চ্যাপম্যানের মতো তাকেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়ার আশা করা হচ্ছে।

দলে ডাক পাওয়া ক্লার্কসন এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন নিউ জিল্যান্ডের জার্সিতে। পেস বোলিং অলরাউন্ডার ছয়টি শিকার ধরার পাশাপাশি রান করেছেন ১৫১। সবশেষ বাংলাদেশ সফরেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি।

বাংলাদেশে টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডে খেলেছিলেন টিকনার। এই পেসার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৮ টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ১৯টি।

আগামী ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষে দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিল্‌ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার।