১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

‘এমন দল আগে কখনও দেখিনি’, বার্সেলোনায় প্রথম গোলের পর গর্ডন

অবশেষে বার্সেলোনার জার্সিতে জালের দেখা পেয়ে উচ্ছ্বসিত ইংলিশ উইঙ্গার।

‘এমন দল আগে কখনও দেখিনি’, বার্সেলোনায় প্রথম গোলের পর গর্ডন

অ্যান্থনি গর্ডন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 06:29 PM

Updated : 11 Oct 2026, 06:38 PM

সতীর্থদের গোলে সহায়তা করছেন নিয়মিতই। এবার বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের দেখাও পেয়েছেন অ্যান্থনি গর্ডন। ইংলিশ উইঙ্গার বলছেন, এই গোলটি তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

নিউক্যাসল ইউনাইটেড থেকে গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে মাঠের পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন গর্ডন।

লা লিগায় শনিবার গেতাফের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় মিনিটে দলের প্রথম গোলটি করেন তিনি। নতুন ঠিকানায় সব প্রতিযোগিতা মিলিয়ে অষ্টম ম্যাচে এসে প্রথম জালের দেখা পেলেন ২৫ বছর বয়সি ফুটবলার। লিগে চারটি অ্যাসিস্টও আছে তার।

ম্যাচের পর ‘ডিএজেডএন’-কে দেওয়া সাক্ষাৎকারে গর্ডন বলেন, গোল পাওয়া নিয়ে একদমই ভাবেন না তিনি।

“এটি (গোল) আমার আত্মবিশ্বাসের জন্য দারুণ ব্যাপার; গোল উদযাপনের সময় আমি দর্শকদের সমর্থন অনুভব করি। দলের স্বার্থই সবার আগে। যদি গোল নাও পাই, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে না; আমি নিশ্চিন্ত মনেই ঘুমাতে যেতে পারি, কারণ আমি জানি, গোল একসময় আসবেই।”

চলতি মৌসুমে দুর্বার গতিতে ছুটছে বার্সেলোনা। প্রথম আট ম্যাচের সবকটি জিতে লিগ টেবিলের শীর্ষে আছে হান্সি ফ্লিকের দল। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩৪টি।

এখনও পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, তাই আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগই দেখছেন না গর্ডন।

“এমন দল আমি আগে কখনও দেখিনি। গোল করার ক্ষেত্রে এই ক্লাব যা অর্জন করেছে, তা ঐতিহাসিক। মৌসুমের শুরুটা আমাদের দুর্দান্ত হয়েছে, কিন্তু আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারি না। আমাদের গোল করা এবং ভালো রক্ষণভাগ বজায় রাখা- দুটোই চালিয়ে যেতে হবে।”

বার্সেলোনার মৌসুমের শুরুটা এখন পর্যন্ত নিখুঁত হলেও, ঠাসা সূচির কারণে আগামী সপ্তাহগুলোতে দলটিকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।