জাতীয় দল নিয়ে চিন্তিত সালাউদ্দিন
প্রিমিয়ার লিগে অনেক ক্লাবের খেলোয়াড়দের আনফিট বলে মনে হচ্ছে বাফুফে সভাপতির।
দেশের শীর্ষ লিগের খেলা খুব একটা মন ভরাতে পারেনি কাজী সালাউদ্দিনের। অনেক ক্লাবের খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতি ধরা পড়েছে বাফুফে প্রধানের চোখে। সাবেক এই ফুটবলারের শঙ্কা এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় দলে।
আগেও ক্লাব ফুটবলকে কাঠগড়ায় তুলেছেন সালাউদ্দিন। দিয়েছেন উন্নতির তাগিদ। সে সব খুব একটা কাজে আসেনি। রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বলার সময় অনেকটা অসহায় শোনাল তার কণ্ঠ।
“ছেলেরা ক্লাবের অধীনে, মেয়েরা বাফুফের অধীনে রয়েছে। ক্লাব ছেলেদের যেভাবে অনুশীলন করায়, যেভাবে রাখে, ওরা সেভাবেই থাকে। আমরা তাদেরকে পাই সাত থেকে দশ দিন, কিংবা ১৫ দিন। ফিফা ক্যালেন্ডার ছাড়া ক্লাবগুলো যদি তাদেরকে না ছাড়ে, আমরা তাদেরকে পাব না। তো জাতীয় দলের পারফরম্যান্স নির্ভর করছে এই ছেলেদের ক্লাবের পারফরম্যান্স কি রকম, তার উপর।”
“আমি কিছু ম্যাচ দেখেছি। কিছু কিছু ক্লাবের খেলোয়াড়দের আমার খুব আনফিট লাগে। এটা ওই ক্লাবের, কোচের দায়িত্ব। মেয়েদেরটায় আমাদের সুবিধা হচ্ছে, ওরা সারা বছর আমাদের সাথে থাকে। ফিটনেসের উপর আমি কাজ করি, সবকিছু আমরা করি। কিন্তু ছেলেদেরটা আমরা পারি না। জাতীয় দল নিয়ে আমি খুবই চিন্তিত। আমাদের পেশাদার দল কেবল বসুন্ধরা কিংস। আবাহনী পিছিয়ে পড়ছে, আশা করি তারা ঘুরে দাঁড়াবে।”
পিছাতে পিছাতে র্যাঙ্কিংয়ে ১৯২ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। সবার ভূমিকা রাখা ছাড়া এখান থেকে ওঠে আসার কোনো পথ দেখেন না সালাউদ্দিন।
“জাতীয় দলকে ভালো করতে হলে ক্লাবগুলোকে ভালো করতে হবে, সমর্থ হতে হবে। আমার কাছে যদি টাকা থাকত, আমি ২৫টা খেলোয়াড় কিনে নিতাম, মেয়েদের মতো ছেলেদেরও একটা দল দাঁড় করাতাম।”
তিন জাতি টুর্নামেন্টের দুই দল ব্রুনাই ফিফা র্যাঙ্কিংয়ে ১৯০তম, সিশেলস ১৯৯তম। পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলে কতটা উন্নতি সম্ভব, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন তুলে ধরলেন বাস্তবতা।
“আমি বড় দলগুলোর সঙ্গে খেলতে চাই, চার গোলে হারলেও বড় দলগুলোর সঙ্গে খেলতে চাই। লড়াই চালিয়ে যেতে চাই। কিন্তু অন্য কোনো দল পাইনি। তাই এদের সঙ্গে খেলতে হচ্ছে। তিন-চার গোল খাই, সেটা কোনো ব্যাপার নয়, আমি বড় দলগুলোর সঙ্গে খেলে শিখতে চাই, উন্নতি করতে চাই, লড়াই করতে চাই, আমার এটাই মত। কিন্তু বড় দলকে পাচ্ছি না। তবে কিন্তু খেলতে তো হবে, তাই খেলছি।”
“কোচ বলেছে অনুশীলনের জন্য দেশের বাইরে যেতে পারলে ভালো হবে। আমরা কাতারের সাথে আলাপ করেছি, কাতারের সমস্যা হচ্ছে, ওরা কেবল বিশ্বকাপ শেষ করল, ওদের ঘরোয়া অনেক কিছু পিছে পড়ে গেছে, সেগুলো ওরা গুছিয়ে নিচ্ছে। এ কারণে ওরা বলল, হোটেল ও অন্যান্য সবকিছু দিতে পারবে, কিন্তু মাঠ দিতে পারবে না। এরপর আমরা সৌদি আরবের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে প্রপোজাল দিতে, আমরা দিয়েছি। ওরা এক সপ্তাহের মধ্যে জানাতে চেয়েছে। আমরা আশা করছি হয়ে যাবে।”
এশিয়ার দেশগুলোর ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফের সম্পর্ক ভালো। কিন্তু এই সম্পর্কের সুবিধা সংস্থাটি কাজে লাগাতে না পারার কারণও জানালেন সালাউদ্দিন।
“সত্য বলতে এশিয়াতে অন্যান্য ফুটবল ফেডারেশনের কাছে বাফুফে খুবই জনপ্রিয়, কিন্তু অন্যান্য দেশগুলো যে ফ্যাসিলিটিজ অফার করে তার পাঁচ শতাংশও আমি অফার করতে পারি না। বন্ধুত্ব সবসময় কাজ করে না। চাহিদা থাকে তো (অন্য দলগুলোর)। আমি যেটা অফার করি...আরও একটা বিষয় হলো, আমি কোথায় খেলাব?”
অর্থ নেই, মাঠ নেই, এটা হয় না, ওটা হয় না-এই ‘না’ সূচক শব্দটি ঘুরেফিরে আসে বাফুফে সভাপতির কণ্ঠে। এই প্রসঙ্গে বিস্তারিত বলার সময় সালাউদ্দিন বল ঠেলে দেন ক্রীড়া মন্ত্রণালয়ের টেবিলে।
“তারা বলে দিক, আমরা সাপোর্ট দেব না, আমি এখান থেকে চলে যাই। গত এক-দুই বছর ধরে আমি একটা ডিপিপি (ডেভেলপমেন্ট প্রোজেক্ট প্রোপোজাল) তৈরি করেছি, ডেভেলপমেন্টের জন্য যা যা করার দরকার, সব প্রস্তুত করে আমরা পাঠিয়েছি, ফিন্যান্স সেক্রেটারি সেটা রেখে দিয়েছে।”
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরুর আগে সাম্প্রতিক সময়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ আর তিন কর্মকর্তার ফিফায় যাওয়ার প্রসঙ্গ আলোচনায় এলো। সে ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন সালাউদ্দিন। বললেন, ‘কনফিডেন্সিয়াল’ বিষয়টি জানতেন না তিনি। একই সঙ্গে গণমাধ্যমকে অনুরোধ করলেন, ফিফার রায় না আসার আগে ‘কারো কথা শুনে’ কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে।
