২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বেলিংহ্যামকে লাল কার্ড না দেখানোয় ক্ষুব্ধ নাগেলসমান

বায়ার্ন মিউনিখ কোচের দাবি, নিয়ম অনুসরণ করেননি রেফারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 04:16 PM

Updated : 29 May 2023, 08:58 PM

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পয়েন্ট হারানোর পর রেফারিকে কাঠগড়ায় তুললেন বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান। আলফুঁস ডেভিসকে বিপজ্জনক ফাউল করার পরও জুড বেলিংহ্যামকে বহিষ্কার না করার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না তিনি। জার্মান কোচের মতে, নিয়ম অনুসরণ করলে সরাসরি লাল কার্ড দেখতেন ডর্টমুন্ড মিডফিল্ডার।

জার্মানির শীর্ষ লিগে গত শনিবার রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। লেয়ন গোরেটস্কার গোলে প্রথমার্ধে বায়ার্ন এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। ইউসুফা ব্যবধান কমানোর পর শেষ মুহূর্তে অঁতনি এমবুর গোলে সমতা টানে ডর্টমুন্ড।

তবে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত, যদি রেফারির একটি সিদ্ধান্ত বায়ার্নের পক্ষে যেত। প্রথমার্ধে হলুদ কার্ড দেখা বেলিংহ্যাম বিরতির পর খেলা শুরু হতেই বল দখলের জন্য পা উঁচু করে মেরে বসেন ডেভিসের মুখে। এরপর বায়ার্নের চিকিৎসকদের সহায়তায় ‘কনকাশন’ শঙ্কায় মাঠ ছেড়ে যান কানাডিয়ান মিডফিল্ডার। পরে তাকে হাসপাতালেও নেওয়া হয়।

ডেভিসকে করা ওই ফাউলের জন্য কার্ড দেখানো হয়নি বেলিংহ্যামকে। ম্যাচের পর স্কাইয়ে দেওয়া প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাগেলসমান। তার দাবি, এক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটেছে।

“সে (বেলিংহ্যাম) তার (ডেভিস) মুখে আঘাত করেছে। নিয়মটা পরিষ্কার। এখানে কনকাশনের শঙ্কা আছে। মুখে কিক করার পর এটা অস্বাভাবিক নয়।”

“চার মাস আগে আমাদের একটা প্রশিক্ষণ হয়েছিল। সেখানে আমাদের বলা হয়েছিল, মুখে কিক করা মানেই লাল কার্ড।”

বুন্ডেসলিগায় গত ১০ বারের চ্যাম্পিয়ন বায়ার্নের এবারের সময়টা ভালো যাচ্ছে না। ৯ ম্যাচে এই নিয়ে চারটিতে পয়েন্ট হারাল তারা, হার একটি। চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিনে আছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে ডর্টমুন্ড। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউনিয়ন বার্লিন।