২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেলসির জন্য পালা-বদল কোনো অজুহাত নয়’

দলকে জয়ের মানসিকতায় লিভারপুলের বিপক্ষে মাঠে নামার তাগিদ দিয়েছেন চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনো।

‘চেলসির জন্য পালা-বদল কোনো অজুহাত নয়’

চেলসির নতুন কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 10:10 PM

Updated : 11 Aug 2023, 10:13 PM

সবশেষ মৌসুমে ভরাডুবির পর দলে অনেক পরিবর্তন এনেছে চেলসি। নতুন মৌসুম শুরুর আগে স্বাভাবিকভাবেই তা ভাবনার কারণ। মাওরিসিও পচেত্তিনোও মেনে নিচ্ছেন সেটা। তবে লিভারপুলের বিপক্ষে আসছে ম্যাচে দল ব্যর্থ হলে দায় পালা-বদলকে দিতে নারাজ চেলসির নতুন কোচ। 

২০২২-২৩ মৌসুম বেশ বাজে কাটে চেলসির। দ্বাদশ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে তারা। ১৯৯৪ সালের পর লিগে যা তাদের সবচেয়ে খারাপ অবস্থান। 

নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলে অনেক পরিবর্তন আনে চেলসি। ১৫ জনের বেশি খেলোয়াড় ছেড়ে দেয় তারা। যে তালিকায় রয়েছেন সাবেক অধিনায়ক সেসাস আসপিলিকুয়েতা, কাই হাভার্টজ, ম্যাসন মাউন্ট, এনগোলো কঁতে, মাতেও কোভাচিচ ও কালিদু কলিবালি। দলে যোগ করেছে তারা ছয় জনকে। 

শুধু তাই নয়, পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। অন্তর্বর্তীকালীন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন পচেত্তিনো। তার হাত ধরে রোববার লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লিগ মৌসুম শুরু করবে চেলসি। 

নতুন চ্যালেঞ্জ শুরু করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার পচেত্তিনো বলেন, পালা-বদলকে ব্যর্থতার কারণ হিসেবে দেখবেন না তিনি। দলকে তাই জয়ের মানসিকতায় মাঠে নামার তাগিদ দিলেন এই আর্জেন্টাইন কোচ। 

“লিভারপুলের চেয়ে আমরা বেশি পালা-বদলের মধ্যে আছি, কারণ আমি এখানে নতুন। ক্লপ লিভারপুলে সাত বছর ধরে আছেন।” 

“অবশ্যই, আমরা চেলসি। এই ক্লাবের ইতিহাস হচ্ছে জেতা। পালা-বদলের মধ্যে থাকলেও আমাদের জিততে হবে এবং লিভারপুলের বিপক্ষে জেতার জন্য প্রস্তুত থাকতে হবে। খেলোয়াড়দের মানসিকতা হলো প্রতিদ্বন্দ্বিতা করে জেতার চেষ্টা করা। আমি অন্য কোনো ভাবনা গ্রহণ করব না। আমরা ক্লাবকে সেখানে রাখতে চাই যেখানে থাকা উচিত।”