২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছরের চুক্তিতে চেলসিতে ফরাসি ডিফেন্ডার দিসাসি

সাড়ে ৪ কোটি ইউরোর বিনিময়ে আক্সেল দিসাসিকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি, খবর রয়টার্সের।

৬ বছরের চুক্তিতে চেলসিতে ফরাসি ডিফেন্ডার দিসাসি

চেলসির জার্সিতে আক্সেল দিসাসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 06:21 PM

Updated : 04 Aug 2023, 06:25 PM

ভীষণ বাজে একটা মৌসুম কাটানোর পর চলতি দলবদলে নতুন করে স্কোয়াড সাজাচ্ছে চেলসি। সেই লক্ষ্যে এবার রক্ষণে শক্তি বাড়াল তারা। মোনাকো থেকে ফরাসি ডিফেন্ডার আক্সেল দিসাসিকে ছয় বছরের চুক্তিতে দলে টানল লন্ডনের ক্লাবটি।

২৫ বছর বয়সী দিসাসির যোগ দেওয়ার খবরটি শুক্রবার বিবৃতি দিয়ে জানায় চেলসি। ট্রান্সফার ফি নিয়ে অবশ্য কিছু বলা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিসাসির জন্য ৪ কোটি ৫০ লাখ ইউরো গুনেছে চেলসি।

মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৯টি ম্যাচ খেলেছেন দিসাসি। এর আগে খেলেছেন আরেক ফ্রেঞ্চ ক্লাব রাঁসের হয়ে। এই দুই ক্লাব মিলিয়ে লিগ ওয়ানে মোট ১৩০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

ফ্রান্স জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন দিসাসি। কাতার বিশ্বকাপে ছিলেন দেশটির স্কোয়াডে।

সবশেষ মৌসুমটা চেলসির জন্য ছিল দুঃস্বপ্নময়। ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম হয় তারা, যা ছিল লিগে ১৯৯৩-৯৪ মৌসুমের পর তাদের সবচেয়ে বাজে অবস্থান।

নতুন কোচ মাওরিসিও পচেত্তিনোর কোচিংয়ে আসছে মৌসুমের জন্য দল সাজাচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ক্লাব ছেড়েছেন অনেক খেলোয়াড়। দিসাসির আগে যোগ দিয়েছেন ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু, দিয়েগো মোরেইরাসহ কয়েকজন।