১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে না খেলেই ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রকোম্ব

জাতীয় দলের হয়ে খেলার আগেই একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার ২৫ বছর বয়সি এই পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটে না খেলেই ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রকোম্ব

হেনরি ক্রকোম্ব। ছবি: সাসেক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 08:54 PM

Updated : 12 Oct 2026, 09:15 PM

ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দলে ডাক পেলেও, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও খেলার সুযোগ পাননি হেনরি ক্রকোম্ব। ২৫ বছর বয়সি এই পেসার চমক জাগিয়ে জায়গা পেয়ে গেলেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে।

দুই বছরের চুক্তির আওতায় আনা হয়েছে ক্রকোম্বকে। পূর্ণাঙ্গ চুক্তির তালিকায় যুক্ত করা হয়েছে নতুন আরও সাত জন ক্রিকেটারকে।

ইসিবি তাদের ইতিহাসে সবচেয়ে বড় কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা ঘোষণা করেছে সোমবার; কেবল দুজন খেলোয়াড় পারফরম্যান্সের কারণে তাদের পূর্ণাঙ্গ চুক্তি হারিয়েছেন।

বেন স্টোকস ও মার্ক উডের মতো বেশি পারিশ্রমিক পাওয়া দুই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইসিবি ২০২৬-২৭ চক্রের জন্য ৩৯ জন খেলোয়াড়কে চুক্তির আওতায় এনেছে। যার মধ্যে ৩০ জন পূর্ণাঙ্গ ও ৯ জন ডেভেলপমেন্ট চুক্তির তালিকায় আছেন। ২০২৫-২৬ চক্রের চুক্তিতে ছিলেন ৩০ জন খেলোয়াড়। আগের পূর্ণাঙ্গ চুক্তির তালিকা থেকে পুরোপুরি বাদ পড়েছেন ব্যাটসম্যান জ্যাক ক্রলি ও বাঁহাতি পেসার লুক উড।

ক্রকোম্ব ও জর্ডান কক্স-দুজনই দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। পাশাপাশি আগের চুক্তিতে ছিলেন না এমন আরও ছয়জন-টম ব্যান্টন, স্যাম কুক, এমিলিও গে, ম্যাথু ফিশার, ড্যান লরেন্স ও অলি রবিনসন এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।

আগামী মৌসুম সামনে রেখে সাসেক্স থেকে ক্রোকম্বকে দলে নিতে বেশ বড় প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয় সারেকে। তবে ইসিবির সঙ্গে নতুন চুক্তির ফলে তাকে আর ক্লাবের পক্ষ থেকে বেতন দিতে হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করা ইংল্যান্ডের প্রথম পুরুষ ক্রিকেটার হলেন তিনি।

এখন পর্যন্ত ক্রোকম্বের সাফল্যের বড় অংশই এসেছে দীর্ঘ পরিসরের ক্রিকেটে। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে তিনি ২৩.৫২ গড়ে উইকেট নিয়েছেন ৪০টি, যার মধ্যে আছে দুটি হ্যাটট্রিক। স্রেফ আট দিনের মধ্যে ওই হ্যাটট্রিক দুটি করেন তিনি।

সব মিলিয়ে ৫১টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ১২৫টি, ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ৪৯টি, ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৫টি।

আগের চুক্তিতে থাকা ৯ জন ক্রিকেটার মেয়াদ বাড়াতে স্বাক্ষর করেছেন, যার ফলে তাদের বর্তমান চুক্তির মেয়াদ এখন ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হয়েছে। তারা হলেন জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, স্যাম কারান, উইল জ্যাকস, জো রুট ও জশ টাং।

এছাড়া জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, আদিল রাশিদ ও জেমি স্মিথ তাদের বিদ্যমান দুই বছরের চুক্তির দ্বিতীয় বছরে প্রবেশ করছেন। এই চুক্তির মেয়াদ ইংল্যান্ডের ২০২৭ সালের গ্রীষ্মকালীন মৌসুমের শেষ পর্যন্ত। এই মৌসুমে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ, বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট এবং পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ হওয়ার কথা রয়েছে।

কার্স বর্তমানে ক্রিকেট রেগুলেটরের তদন্তের আওতাধীন রয়েছেন। গত অগাস্টে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে তাকে সাময়িকভাবে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে ইংল্যান্ডের কোনো সংস্করণের দলেই আর নেওয়া হয়নি এই পেসারকে।

ইসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা:

দুই বছরের চুক্তি: জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, উইল জ্যাকস, জো রুট, জশ টাং (২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত)

এক বছরের চুক্তি: রেহান আহমেদ, টম ব্যান্টন, শোয়েব বাশির, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কুক, লিয়াম ডসন, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রাশিদ, অলি রবিনসন, ফিল সল্ট, জেমি স্মিথ (২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত)

ডেভেলপমেন্ট চুক্তি: জেমস কোলস, ম্যাসন ক্রেন, জশ হাল, এডি জ্যাক, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, টমাস রু, ম্যাথু রেভিস, মিচেল স্ট্যানলি (২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত)