২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

স্যাম আল্টম্যানের বিরুদ্ধে বোনের যৌন নিপীড়নের মামলা খারিজ

ঘটনাটির সূত্রপাত হয় যখন স্যাম আল্টম্যানের বোনের বয়স ছিল ৩ বছর ও স্যামের ১২ বছর।

স্যাম আল্টম্যানের বিরুদ্ধে বোনের যৌন নিপীড়নের মামলা খারিজ

২০২৫ সালের জানুয়ারিতে ভাই স্যাম আল্টম্যানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন অ্যান আল্টম্যান। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 05:11 PM

Updated : 21 Oct 2026, 05:11 PM

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম আল্টম্যানের বিরুদ্ধে তার বোন অ্যান আল্টম্যানের দায়ের করা যৌন নিপীড়নের মামলাটি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

মামলার মূল অভিযোগ সত্য নাকি মিথ্যা সে বিষয়ে কোনো মন্তব্য না করেই মঙ্গলবার ইউএস ডিস্ট্রিক্ট জজ জ্যাকারাস ব্লুস্টোন মামলাটি খারিজ করার আদেশ দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

বিচারক ব্লুস্টোন আদেশে বলেছেন, অ্যান আল্টম্যানকে সতর্ক করা হয়েছিল যে, তিনি যদি নিরপেক্ষ স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেন তবে মামলাটি খারিজ হয়ে যাবে। এরপরও তিনি ওই মেডিকেল পরীক্ষায় হাজির হতে অস্বীকৃতি জানান।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে ভাই স্যাম আল্টম্যানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন অ্যান।

মামলায় তার অভিযোগ, ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে মিসৌরিতে পারিবারিক বাড়িতে ছোটবেলায় তিনি স্যামের মাধ্যমে যৌন নিপীড়নের শিকার হন।

ঘটনাটির সূত্রপাত হয় যখন অ্যানের বয়স ছিল ৩ বছর ও স্যামের ১২ বছর। ঘটনার শেষ ঘটনাটি ঘটেছিল যখন তার ভাই অল্টম্যান একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন।

এ আইনি লড়াইয়ের আগেও মামলাটিতে একবার বড় ধরনের পরিবর্তন এসেছিল।

গেল মার্চে বিচারক ব্লুস্টোন রায় দিয়েছিলেন, অ্যানের মূল ‘যৌন নিপীড়ন ও শারীরিকভাবে লাঞ্ছিত করার’ অভিযোগগুলোর আইনি মেয়াদ বহু বছর আগেই পার হয়ে গেছে।

তবে মিসৌরির শিশু অবস্থায় যৌন নিপীড়ন সংক্রান্ত বিশেষ আইনের অধীনে অ্যানকে পুনরায় আবেদন করার সুযোগ দিয়েছিলেন বিচারক।

পরবর্তীতে তিনি সংশোধিত মামলাটি নতুন করে দায়ের করলেও শেষ পর্যন্ত চিকিৎসাগত পরীক্ষায় উপস্থিত না হওয়ায় মঙ্গলবার তা খারিজ হয়ে গেল।

এদিকে, ৪১ বছর বয়সি ওপেনএআই প্রধান স্যাম আল্টম্যান এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।

মঙ্গলবার বিচারক ব্লুস্টোন বোনের বিরুদ্ধে স্যামের দায়ের করা মানহানির পাল্টা মামলাটি তুলে নেওয়ার আবেদনও মঞ্জুর করেছেন।

অ্যান আল্টম্যানের প্রথম মামলাটি দায়েরের পর এক যৌথ বিবৃতিতে স্যাম আল্টম্যান, তার মা ও অন্য দুই ছোট ভাই এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে বর্ণনা করেছেন।

বিবৃতিতে তারা দাবি করেছেন, অ্যান ‘মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন’ এবং তিনি ‘প্রচলিত চিকিৎসা গ্রহণ করতে অস্বীকার ও যে স্বজনরা তাকে সাহায্য করতে চাইছে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন’।

মামলাটি নিয়ে আইনি লড়াই চলার মধ্যেই অক্টোবরে অ্যানের আইনজীবীর পদ থেকে সরে দাঁড়ান সান্তোস পেরেজ।

বিবৃতিতে তিনি বলেছেন, “আমি আর এই মামলা নিয়ে কথা বলার আইনি এখতিয়ার রাখি না। তবে অ্যানের প্রতি আসার বিশ্বাস রয়েছে।”