২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট হারিয়ে আর্তেতা বললেন, ‘গতবারের চেয়ে ১০ গুণ ভালো খেলেছি’

গত মৌসুমে ফুলহ্যামের বিপক্ষে পিছিয়ে পড়েও মিলেছিল জয়, এবার তার পুনরাবৃত্তি করতে না পারলেও দলের পারফরম্যান্সে খুশি আর্সেনাল কোচ।

পয়েন্ট হারিয়ে আর্তেতা বললেন, ‘গতবারের চেয়ে ১০ গুণ ভালো খেলেছি’

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 04:09 PM

Updated : 27 Aug 2023, 04:09 PM

শুরুর ধাক্কা সামলে জয়ের পথেই ছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে বদলে যায় দৃশ্যপট, ফুলহ্যামের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে তারা। এভাবে আশা জাগিয়ে পয়েন্ট হারানোয় ভীষণ হতাশ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিও কম নয় তার। বললেন, গত মৌসুমের চেয়ে ১০ গুণ ভালো পারফর্ম করেছে তার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আন্দ্রে পেরেইরার গোলে প্রথম মিনিটে পিছিয়ে পড়া আর্সেনাল সমতায় ফেরে বুকায়ো সাকার লক্ষ্যভেদে। এরপর এডি এনকেটিয়াহ এগিয়ে নেন আর্সেনালকে, কিন্তু জোয়াও পালিনিয়ার শেষ দিকের গোলে ২-২ এ শেষ হয় ম্যাচটি।

এমিরেটস স্টেডিয়ামের এই লড়াইয়ে ৮৩তম মিনিটে কেলভিন বায়েস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফুলহ্যাম। তাতে বাড়ে আর্সেনালের ব্যবধান ধরে রাখার আশা। কিন্তু উল্টো এর চার মিনিট পরই সমতাসূচক গোলটি পেয়ে যায় সফরকারীরা।

ম্যাচে সাকা-এনকেটিয়ারা নষ্ট করেন অনেক সুযোগ। আর্তেতার হতাশা বেশি নষ্ট হওয়া সুযোগগুলো নিয়েই।

“আমরা ২-১ গোলে এগিয়ে গেলাম, এরপর জীবন দিয়ে ব্যবধান ধরে রাখা উচিত ছিল। এত কিছু করার পর গোল হজম করতে পারি না আমরা। পাঁচ, ছয়, সাত গোল করা উচিত ছিল আমাদের।”

গত মৌসুমে অগাস্টেই ফুলহ্যামের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ওই লিগ ম্যাচেও প্রথমে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছিল তারা। আর্তেতার দাবি গত মৌসুমের চেয়ে এবার অনেক ভালো খেলেছে দল।

“গত মৌসুমের সঙ্গে যদি এই মৌসুমের ম্যাচের তুলনা করি, আমরা গত মৌসুমের চেয়ে ১০ গুণ ভালো ছিলাম। কমপক্ষে ১০ গুণ ভালো।”

গত মৌসুমে রক্ষণের ভুলে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। এ মৌসুমে ৫৭ সেকেন্ডেই গোল হজম করে বসে তারা। তবে পরে দলের ঘুরে দাঁড়ানোর ধরনে খুশি আর্তেতা।

“প্রথম মিনিটেই যখন আপনি ভুল করবেন এবং প্রতিপক্ষকে একটা গোল দিয়ে দিবেন, তখন ম্যাচটা আরও কঠিন হয়ে যায়। তবে এরপর দল যেভাবে সাড়া দিল এবং যে সুযোগগুলো আমরা তৈরি করলাম…পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ করলাম আমরা, কিন্তু (সে তুলনায়) গোল করতে পারলাম না।”

“দ্বিতীয়ার্ধে আমরা কিছু বদলি নামালাম এবং তাতে আমাদের খেলার গতি পরিবর্তন হলো; নিজেদের মধ্যে বোঝাপড়াও তাতে আরও বাড়ে। বদলি নামা খেলোয়াড়রা অনেক পার্থক্য গড়েছে এবং প্রভাব রেখেছে। দলে যে নিষ্ঠা ও আত্মবিশ্বাস যোগ করে তারা, সেটাকে ভালোবাসি আমি।”