১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অন্তত ২ মাসের জন্য’ মাঠের বাইরে পাকেতা

পায়ের পেশির চোটে ভুগছেন ওয়েস্ট হ্যামের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

‘অন্তত ২ মাসের জন্য’ মাঠের বাইরে পাকেতা

ব্রিস্টল সিটির বিপক্ষে এফএ কাপ ম্যাচে চোট পেয়ে ছিটকে যান লুকাস পাকেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 06:15 PM

Updated : 10 Jan 2024, 06:15 PM

পায়ে চোট পেয়েছেন লুকাস পাকেতা। বিবিসির খবর, অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই মিডফিল্ডার। 

গত রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডের প্রথম লেগে ব্রিস্টল সিটির বিপক্ষে হুট করেই মাঠে বসে পড়েন পাকেতা। তখন বাঁ পায়ের হাঁটুর কাছাকাছি অংশে চেপে ধরে থাকতে দেখা যায় তাকে। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। চতুর্দশ মিনিটে মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। 

সম্প্রতি এনিয়ে দুইবার মাঠ ছাড়লেন তিনি পায়ের পেশির চোট নিয়ে। গত ডিসেম্বরের শেষ দিকে আর্সেনালকে ২-০ গোলে হারানোর ম্যাচেও ৩৩ মিনিট পর তাকে একই কারণে মাঠ ছাড়তে হয়। পরের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ছিলেন না তিনি।

চোটের মাত্রা জানার জন্য একজন বিশেষজ্ঞকে দেখাতে হবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাকেতার। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী পাকেতা। ৫ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬টিতে। 

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ‘রিপ্লে’ ম্যাচে আগামী মঙ্গলবার ব্রিস্টল সিটির মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম। তাদের প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। 

আগামী ২১ জানুয়ারি প্রিমিয়ার লিগের ম্যাচে লড়বে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। লিগ টেবিলে ৩৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে তারা।