২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বদলে যাওয়া' দেম্বেলেকে নিয়ে উচ্ছ্বসিত বার্সা কোচ

শাভি এরনান্দেসের বিশ্বাস, নিজের খেলা উপভোগ করছেন এই ফরাসি ফরোয়ার্ড এবং এটিই পার্থক্য গড়ে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 04:31 PM

Updated : 26 Jan 2023, 04:32 PM

এক বছর আগেও বার্সেলোনায় উসমান দেম্বেলের ভিত ছিল নড়বড়ে। মাঠে সাদামাটা পারফরম্যান্স ও মাঠের বাইরে নানা কাণ্ডে দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি। এরপর সময়ের পরিক্রমায় ঘুরে দাঁড়িয়ে এই ফরোয়ার্ড এখন শাভি এরনান্দেসের দলে গুরুত্বপূর্ণ সদস্য। তার এমন বদলে যাওয়ায় দারুণ খুশি কাতালান দলটির কোচ। 

শাভির দৃঢ় বিশ্বাস, এভাবে খেলতে থাকলে নিজের পজিশনে সেরাদের একজন হয়ে উঠবেন ২৫ বছর বয়সী দেম্বেলে।

২০১৭ সালে অনেক সম্ভাবনা নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দেম্বেলে। তবে মাঝে মধ্যে প্রতিভার ঝলক দেখালেও প্রথম কয়েক বছরে সেভাবে ধারাবাহিক হতে পারেননি তিনি। একের পর চোটের আঘাতে প্রথম চার বছরে তাকে বাইরে কাটাতে হয়েছিল অনেকটা সময়। মাঠের বাইরের কিছু কর্মকাণ্ডও ছিল বিতর্কিত।

তার চুক্তি নবায়ন নিয়েও জলঘোলা কম হয়নি। মাঝে তো দেম্বেলে ও বার্সেলোনার মধ্যে সম্পর্ক একরকম ভেঙেই গিয়েছিল। চুক্তি নবায়ন না করলে তাকে গত জানুয়ারিতে ক্লাব ছাড়তে বলেছিল ক্লাব কর্তৃপক্ষ। শাভি কোচ হয়ে আসার পর এবং তার সঙ্গে ফলপ্রসু আলোচনায় সমস্যার সমাধান মেলে। শেষ পর্যন্ত ২০২১-২২ মৌসুমে চুক্তি শেষ হওয়ার পর দেম্বেলে নতুন করে চুক্তিবদ্ধ হন দুই বছরের জন্য।

গত মৌসুমের শেষের দিক থেকে দেম্বেলের ঘুরে দাঁড়ানোর শুরু। ২০২১-২২ মৌসুমে ৩২ ম্যাচ খেলে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৩টি করান ২৫ বছর বয়সী এই ফুটবলার। এই মৌসুমে এখন পর্যন্ত তার পরিসংখ্যানটাও মন্দ নয়। ২৭ ম্যাচ খেলে ৮ গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৭টি অ্যাসিস্ট।

সবশেষ গত বুধবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে দেম্বেলের একমাত্র গোলেই রিয়াল সোসিয়েদাদকে হারায় বার্সেলোনা। ম্যাচে ১১ বার ড্রিবল করেন তিনি, যা এই মৌসুমে এক ম্যাচে তার সতীর্থদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চটাও তারই, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে ম্যাচে।

সোসিয়েদাদ ম্যাচের পর সংবাদ সম্মেলনে দেম্বেলের উচ্ছ্বসিত প্রশংসা করেন শাভি। স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার বলেন, নিজের খেলা উপভোগ করছেন দেম্বেলে এবং এটিই পার্থক্য গড়ে দিয়েছে।

“আমরা উসমানকে (দেম্বেলে) কেবল আত্মবিশ্বাস দিয়েছি। আমি তার ওপর অনেক আস্থা রাখি। আমি সবসময় মনে করি যে, সে আমাদের জন্য অনেক কিছু করতে পারে। তার সামনে আমি (প্রতিপক্ষের) ফুলব্যাকদের চোখেমুখে ভোগান্তি দেখতে পাই। তার কেবল একটা জায়গায় পরিবর্তন আনতে হয়েছে, শেষ মুহুর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।”

“আমি তার জন্য খুব খুশি, কারণ সে জয়সূচক গোলটি করেছে। মনে হচ্ছে সে খেলাটা উপভোগ করছে এবং সে তার আগের দু:সময় কাটিয়ে উঠতে পেরেছে। আমরা দেম্বেলেকে পথ দেখানোর চেষ্টা করি, যাতে সে মাঠে সেরা সিদ্ধান্ত নিতে পারে। আমি তার দারুণ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং সে তার পজিশনে সেরাদের একজন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।”

লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার পরবর্তী ম্যাচ আগামী শনিবার, জিরোনার বিপক্ষে।