খেলোয়াড়দের ধর্মঘট করা উচিত, মনে করেন আনচেলত্তি-শাভিও
ঠাসা সূচি নিয়ে ক্ষুব্ধ পেপ গুয়ার্দিওলার সঙ্গে একমত রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কোচ।
ঠাসা সূচি, যোগ করা সময় বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। নতুন মৌসুমের শুরু হতে না হতেই বেশ কয়েকজন খেলোয়াড় পড়েছেন চোটের কবলে। অতিরিক্ত ম্যাচ ইস্যুতে ক্ষোভ ঝাড়েন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। এত ম্যাচের কারণে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের ‘ধর্মঘট’ করা উচিত বলেও মত দেন তিনি। সিটি কোচের মতের সঙ্গে একমত প্রকাশ করলেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ও বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।
কাতার বিশ্বকাপের পর থেকে ইউরোপীয় ফুটবল ক্যালেন্ডারে এসেছে পরিবর্তন। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ সংখ্যা বেড়েছে কমপক্ষে তিন বা চারটি করে। এর ফলে অনেকেরই বছরে কমপক্ষে ৮০ বা তারও বেশি ম্যাচ খেলতে হতে পারে।
কেভিন ডে ব্রুইনে চোটের কবলে পড়ে ছিটকে যাওয়ার পরই উষ্মা প্রকাশ করে গুয়ার্দিওলা বলেন, শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের ধর্মঘট করা উচিত। চোট হানা দিয়েছে রেয়াল শিবিরেও। মৌসুমের সিংহভাগ সময় এদের মিলিতাও ও থিবো কোর্তোয়াকে পাবেন না আনচেলত্তি। দুই নির্ভরতাকে হারানো রেয়াল কোচও এবার ক্ষোভ উগড়ে দিলেন।
“গুয়ার্দিওলা যেটা বলেছে, তার সঙ্গে কেন আপনি একমত হবেন না; আমি তার সঙ্গে পুরোপুরি একমত। তারা খেলার সময়, ম্যাচের সংখ্যা বাড়িয়ে দর্শকদের খেলা উপভোগের মান বাড়ানোর চেষ্টা করে। এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু মান বাড়াতে হলে পরিমাণ কমানো প্রয়োজন এবং তাদের এটাই করতে হবে।”
“কিন্তু এতে কোচদের কিছু যায় আসে না, কিংবা খেলোয়াড়দের কিছু যায়-আসে না। যারা এই সিদ্ধান্তগুলো নেয়, তারা এটা ভেবে নেয় যে- ফুটবলটা যতটা মনোরঞ্জনের জন্য হওয়া উচিত, ততটা নয়; তাই তারা আরও বেশি ম্যাচ যোগ করে যাতে আরও অর্থ আয় করতে পারে। এটাই বাস্তবতা।”
অতিরিক্ত ম্যাচের ধকলটা দিন শেষে ফুটবলারদের শরীরের উপর গিয়ে পড়ে বলে মনে করেন আনচেলত্তি।
“সমস্যাটা এখানেই। (এত ম্যাচের ফলে) যারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, তারা হচ্ছে খেলোয়াড়। তারা চোটে পড়ে, ক্লান্তি অনুভব করার কারণে গুণগত দিক থেকে যে খেলাটা খেলার কথা, সেটা তারা মেলে ধরতে পারে না।”
“তাই আমি গুয়ার্দিওলার কথার সঙ্গে পুরোপুরি একমত। কখন এগুলো বদলাবে? আমি জানি না। এটা পরিষ্কার যে, খেলোয়াড়রা খুব খুব গুরুত্বপূর্ণ; (আমার মনে হয়) যতক্ষণ না তারা ক্লান্ত হচ্ছে, ততক্ষণ এগুলো বদলানো কঠিন।”
চোট ধাক্কা লেগেছে বার্সেলোনা দলেও। এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রোনালদ আরাউহো। বার্সেলোনায় যোগ দেওয়ার পর এ নিয়ে ত্রয়োদশবারের মতো চোটের কবলে পড়লেন তিনি।
এই ইস্যুতে তাই প্রশ্নের মুখোমুখি হন শাভিও। বিষয়গুলো খেলোয়াড়দের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করেন বার্সেলোনা কোচ।
“যদি তারা এটার প্রস্তাব দেয়... এটা তাদের উপর নির্ভর করে। আগেও আমি গুয়ার্দিওলা ও আনচেলত্তির কথা উল্লেখ করেছি। এগুলো নির্ভর করে খেলোয়াড়দের উপর।”
“তারা আমাদেরকে এমন চাহিদাপূর্ণ একটি সূচি মেনে নিতে বাধ্য করে, যেটা ঠিক নয়। এটা চোট তৈরি করে, ক্লান্তি, অবসাদ তৈরি করে, অনেক ম্যাচ হয় উচ্চ তাপমাত্রার মধ্যে... এগুলো দর্শকদের জন্য এবং ফুটবলারদের জন্যও ভালো নয়। এটা তাদের উপর নির্ভর করে। কেননা, সব ক্ষমতা তাদের।”
এই ইস্যুতে ফুটবলারদের অনেকে আওয়াজ তুলেছেন, যদিও নির্দিষ্ট করে ধর্মঘটের কথা বলেনি কেউ। অভিযোগ জানিয়েছেন তারা। তাদের মধ্যে কোর্তোয়া ছিলেন সবচেয়ে সোচ্চার।
গত মৌসুমে রেয়াল ও বার্সেলোনা পাঁচবার মুখোমুখি হয়েছিল। প্রতিটি ম্যাচেই দুই বা তারও বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে চোটের কারণে পায়নি দুই দল। যার অর্থ দাঁড়াচ্ছে, সমর্থকরাও সেরা খেলোয়াড়ের উপস্থিতিতে দুই দলের সেরা পারফরম্যান্স দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন।
