মেয়েদের ফুটবলে সহযোগিতার হাত বাড়াতে চায় দ. কোরিয়া
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সাফ জয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন।
আলোচনা যদিও প্রাথমিক পর্যায়ে আছে, তবে প্রশংসা ও পুরস্কারের বন্যায় ভেসে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েরা পেল আরেকটি সুখবর। মেয়েদের ফুটবলের উন্নতিতে সহযোগিতা করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রোববার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। সেখানে দুটি দেশের ফুটবলে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতে গত বুধবার দেশে ফেরে গোলাম রব্বানী ছোটনের দল।
দক্ষিণ এশিয়ার ফুটবলে আলো ছড়ানো সাবিনা-কৃষ্ণাদের সামনের পথচলায় সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেন কোরিয়ার রাষ্ট্রদূত।
“প্রথমত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসতে পেরে আমি খুশি। এখানে আসার সময়টাও হয়েছে দারুণ, মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছে। শিরোপা জয়ের জন্য বাংলাদেশের মানুষ এবং ফুটবল ফেডারেশনকে অভিনন্দন জানাতে চাই। গুরুত্বপূর্ণ এই বার্তাটি দিতে আমি এসেছি।”
“দ্বিতীয়ত, দুটি দেশ ও দেশের মানুষের মধ্যে সম্পর্ক তৈরির জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ উপায়। বাংলাদেশ ও কোরিয়া দুটি দেশ বিভিন্ন বিষয় নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, বিশেষ করে মেয়েদের ফুটবল নিয়ে আমরা একসঙ্গে পথ চলতে পারি, পরস্পরকে আরও জানতে পারি, পরস্পরের কাছ থেকে শিখতে পারি-এগুলো নিয়ে আলোচনা হয়েছে।”
আরও কিছু বিষয় নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান লি জ্যাং-কিউন।
“তৃতীয়ত, আগামী বছর কোরিয়া ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপণের ৫০ বছর পূরণ করবে। নিশ্চিতভাবে এ উপলক্ষে অনেক ইভেন্ট হবে, বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে। আমি এ বিষয়গুলো নিয়েও বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করেছি।”
মেয়েদের ফুটবলে দক্ষিণ কোরিয়া এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি। তিনবার বিশ্বকাপও খেলেছে তারা। অন্যদিকে, বাংলাদেশ এবারই প্রথম জিতেছে মুকুট। আরও এগিয়ে যেতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতার প্রস্তাব সাদরে গ্রহণ করতে আগ্রহী বাফুফে সভাপতি সালাউদ্দিনও।
“আমরা সবাই জানি, কোরিয়া বিশ্বকাপ খেলা দেশ। তো, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। টেকনিক্যাল বিষয়ে, স্টাফ, দল এবং সবকিছু থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। আমরা কীভাবে পরবর্তী ধাপে যাব, উন্নতি করব, যৌথভাবে আমরা কী করতে পারি-এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এটা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে, আশা করি আগামীতে এই আলোচনা পরের ধাপে এগিয়ে নিতে পারব।”
“সবাই জানে, কোরিয়া বিশ্বের সেরা দলগুলোর একটি। তো আমরা চেষ্টা করব কোরিয়া থেকে কোচ আনতে, কিছু আইডিয়া পেতে; হতে পারে আমাদের দল কিছু ম্যাচ খেলতে, তাদের কাছ থেকে কিছু শিখতে কোরিয়া সফরে যাবে। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।”
