নতুন গোলকিপিং কোচ নিয়োগ বায়ার্নের
মানুয়েল নয়ার-ইয়ান সমেরদের কোচের দায়িত্ব সামলাবেন ৪২ বছর বয়সী মিখাইল রাশনার।
গোলকিপিং কোচ টনি টাপালোভিচকে ছাঁটাইয়ের পর তার উত্তরসূরি বেছে নিয়েছে বায়ার্ন মিউনিখ। দায়িত্ব পেয়েছেন ৪২ বছর বয়সী মিখাইল রাশনার।
গত মাসে টাপালোভিচকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বায়ার্ন। এরপর গোলরক্ষক ও অধিনায়ক মানুয়েল নয়ার প্রকাশ্যে বলেন, এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। দীর্ঘ দিনের মেন্টরকে হারিয়ে তিনি হতাশ।
ওই মন্তব্যের পর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান, স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচ ও ক্লাবের সভাপতি হের্বার্ট হাইনার সমালোচনা করেন নয়ারের, পা ভেঙে যিনি মাঠের বাইরে আছেন।
গুঞ্জন রয়েছে, বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমানের সঙ্গে নাকি বনিবনা হচ্ছিল না টাপালোভিচের।
বুন্ডেসলিগায় কাজ করার অভিজ্ঞতা আছে রাশনারের। ২০১৫ সাল থেকে হফেনহাইমের প্রথম দলের গোলকিপিং কোচ হিসেবে কাজ করেন তিনি।
১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগায় শীর্ষে আছে বায়ার্ন। দলটির পরবর্তী ম্যাচ আগামী শনিবার, বোহমের বিপক্ষে।
