হলান্ড ও রদ্রির গোলে সিটির তিনে তিন
পয়েন্ট হারানোর শঙ্কা উড়িয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল শিরোপাধারীরা।
অনেকটা সময় জুড়ে ব্যর্থতার বৃত্তে বন্দী রইলেন আর্লিং হল্যান্ড। পেনাল্টি মিস, একের পর এক সুযোগ হাতছাড়ার হতাশা হলো তার সঙ্গী। পরে অবশ্য জালের দেখা পেলেন তিনি। তবু পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। রদ্রির শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার শেফিল্ড ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছে সিটি।
শিরোপা ধরে রাখার অভিযানে আসরে প্রথম তিন ম্যাচের সবগুলি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ইতিহাদ স্টেডিয়ামের দলটি।
২০১৬-১৭ মৌসুমের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে শুরুর তিন ম্যাচে জয়ের স্বাদ পেল তারা।
পিঠে অস্ত্রোপচার করানো সিটির কোচ পেপ গুয়ার্দিওলা ডাগআউটে ছিলেন না এই ম্যাচে।
বল দখল ও আক্রমণে যথারীতি শুরু থেকে আধিপত্য করে সিটি। প্রথমার্ধে ৮৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। এই সময়ে শেফিল্ড গোলে কোনো শটই নিতে পারেনি।
দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। তবে হুলিয়ান আলভারেসের ক্রসে হলান্ড দুর্বল হেড করেন গোলরক্ষক বরাবর।
২০তম মিনিটে নাথান আকে শেফিল্ডের জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। সাত মিনিট পর আলভারেসের শট দারুণ দক্ষতায় ফেরান স্বাগতিক গোলরক্ষক।
৩৭তম মিনিটে হলান্ডের ওই পেনাল্টি ব্যর্থতা। পোস্টে বল মারেন নরওয়ের এই ফরোয়ার্ড। আলভারেসের ক্রসে বল বক্সে শেফিল্ডের ডিফেন্ডার জন ইগানের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার হতাশ করেন হলান্ড। কাছ থেকে শট বাইরে মারেন তিনি। খানিক পর রদ্রির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৬১তম মিনিটে হলান্ডের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক।
অবশেষে ৬৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটি। বাঁ দিক থেকে জ্যাক গ্রিলিশের দারুণ ক্রসে দূরের পোস্টে লাফিয়ে হেডে বল জালে পাঠান হলান্ড।
এবারের প্রিমিয়ার লিগে তিন ম্যাচে হলান্ডের গোল হলো ৩টি। সব মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে ৩৮ ম্যাচে তার গোল এখন ৩৯টি।
৭১তম মিনিটে আবার শেফিল্ডের জালে বল পাঠান হলান্ড, তবে অফসাইডের কারণে এবার গোল মেলেনি। ৭৯তম মিনিটে ২৫ গজ দূর থেকে আলভারেসের ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
খেলার ধারার বিপরীতে ৮৫তম মিনিটে সমতায় ফেরে শেফিল্ড। বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে গোলটি করেন জেডেন বোগলে।
তিন মিনিট পরই অবশ্য লিড পুনরুদ্ধার করে সিটি। কাইল ওয়াকারের পাসে বক্সে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি ফিল ফোডেন। জটলার ভেতর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। সেটিই গড়ে দেয় ব্যবধান।
