২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টের স্টেগেনের পিঠে সফল অস্ত্রোপচার

জার্মান গোলরক্ষক কবে মাঠে ফিরতে পারবেন, তা জানায়নি বার্সেলোনা।

টের স্টেগেনের পিঠে সফল অস্ত্রোপচার

বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2023, 10:02 PM

Updated : 08 Dec 2023, 10:02 PM

সেরে উঠতে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে। বার্সেলোনা গোলরক্ষকের পিঠের অস্ত্রোপচার সফল হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি জানায় বার্সেলোনা। তবে ৩১ বছর বয়সী টের স্টেগেন কবে মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

পিঠের এই চোটের কারণে গত মাসে আন্তর্জাতিক বিরতিতে জার্মানি দল থেকে ছিটকে যান টের স্টেগেন। খেলতে পারেননি তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানির দুটি প্রীতি ম্যাচ।

এরপর বার্সেলোনার হয়েও সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে খেলতে পারেননি তিনি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৭ ম্যাচ খেলেছেন টের স্টেগেন।

লা লিগায় ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে শাভি এর্নান্দেসের দল।