২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির স্কোয়াডে ফিরলেন এমবাপে, আছেন দেম্বেলেও

মাত্র কদিন হলো দলে এলেও তুলুজের বিপক্ষে প্রথম মিনিট থেকে দেম্বেলে খেলতে প্রস্তুত বলে জানালেন পিএসজি কোচ।

পিএসজির স্কোয়াডে ফিরলেন এমবাপে, আছেন দেম্বেলেও

পিএসজির অনুশীলনে সতীর্থদের সঙ্গে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 10:08 PM

Updated : 18 Aug 2023, 10:08 PM

কিছুদিন আগ পর্যন্তও পিএসজি শিবিরে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা জেঁকে বসেছিল। অবশেষে শঙ্কার মেঘ যেন কাটতে শুরু করেছে। অনেক নাটকীয়তা শেষে মূল দলের অনুশীলনে ফেরার সপ্তাহখানেকের মধ্যে ম্যাচ স্কোয়াডেও জায়গা করে নিলেন ফরাসি ফরোয়ার্ড।

লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযানে দ্বিতীয় ম্যাচে শনিবার তুলুজের মুখোমুখি হবে পিএসজি। এর জন্য শুক্রবার ঘোষিত স্কোয়াডে এমবাপের পাশাপাশি আছেন দলে নতুন যোগ দেওয়া উসমান দেম্বেলেও।

পিএসজি-এমবাপে সম্পর্কে জটিলতার শুরু হয় মূলত তারকা এই ফরোয়ার্ড চুক্তি নবায়নে অনিচ্ছা প্রকাশ করায়। আগামী বছর জুনে তার চুক্তির মেয়াদ শেষ হবে। ক্লাবের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, কোনোভাবেই তাকে 'ফ্রি এজেন্ট' হিসেবে যেতে দেওয়া হবে না। তাই দল ছাড়তে চাইলে তা হতে হবে চলতি গ্রীষ্মেই।

দুই পক্ষই নিজ নিজ অবস্থানে স্থির থাকায় সমস্যা ঘনিভূত হয়। প্রাক-মৌসুমে পিএসজির এশিয়া সফরের দলে রাখা হয়নি এমবাপেকে। প্যারিসে তিনি অনুশীলন চালিয়ে যান ক্লাবটির 'পরিকল্পনায় না থাকা' খেলোয়াড়দের সঙ্গে। লিগ ওয়ানে গত শনিবার লরিয়ঁর বিপক্ষে ম্যাচের দলেও ছিলেন না তিনি।

ওই গোলশূন্য ড্র ম্যাচের পরদিনই আসে চমক জাগানো খবর; দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনার পর মূল দলের অনুশীলনে ফেরানো হয় এমবাপেকে। ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, ২৪ বছর বয়সী তারকা নাকি নতুন চুক্তি করতে রাজি হয়েছেন।

আর এবার, তুলুজের বিপক্ষে ম্যাচে তার স্কোয়াডে ফেরাটা ওই গুঞ্জনে দিচ্ছে নতুন মাত্রা।

আসছে ম্যাচ দিয়ে ক্লাব ফুটবলে প্রথমবারের মতো সতীর্থের ভূমিকায় মাঠে নামতে যাচ্ছেন এমবাপে ও দেম্বেলে। বার্সেলোনা ছেড়ে গত শনিবার পিএসজিতে নাম লেখান ফ্রান্সের গতিময় এই ফরোয়ার্ড।

এমবাপেকে স্কোয়াডে পেয়ে ভীষন খুশি পিএসজির কোচ লুইস এনরিকে। বিশ্বকাপ জয়ী এই তারকার মাঠে নামতে যেন তর সইছে না, সংবাদ সম্মেলনে বলেন কোচ।

“কিলিয়ান (এমবাপে) খুব ভালো অবস্থায় আছে। তার মধ্যে মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে, মানসিক দিক থেকেও ভালো অবস্থায় আছে। কিলিয়ানের মতো বিশ্বমানের ফুটবলারকে পেয়ে আমি খুব খুশি।”

লিওনেল মেসি ও নেইমার চলে যাওয়ায় আক্রমণভাগের শক্তি কমেছে, মানছেন এই স্প্যানিশ কোচ। তাই এই অংশে শক্তি বাড়ানোর প্রয়োজন দেখছেন তিনি।

“আমাদের (আক্রমণভাগ) শক্তিশালী করতে হবে। কারণ এই জায়গায় আমরা সবচেয়ে কম ফুটবলার নিয়েছি। তবে তারা কীভাবে একে অপরকে সাহায্য করতে পারে, তা নিয়ে আমাদের কাজ করতে হবে।”