চীনা সমর্থকদের টাকা পাঠানো বন্ধ করতে বললেন সিঙ্গাপুর গোলরক্ষক
সিঙ্গাপুরের গোলরক্ষক হাসান সানির দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে বিশ্বকাপ বাছাইয়ের পরের ধাপে পৌঁছে গেছে চীন, তাই সানির প্রতি নিজেদের ভালোবাসা দেখাতে কার্পণ্য করছে না দেশটির সমর্থকরা।
ম্যাচে ৩ গোল হজম করলেন হাসান সানি। থাইল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারল সিঙ্গাপুর। তবু তৃতীয় আরেক দেশ চীনের প্রশংসায় ভাসছেন দেশটির গোলরক্ষক। শুধু প্রশংসাই নয়, রীতিমতো অর্থের জোয়ার নেমেছে তার ব্যাংক হিসাবে! যা থামাতে বাধ্য হয়ে সামাজিক মাধ্যমের দ্বারস্থ হয়েছেন সানি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবারের ঘটনা এটি। সিঙ্গাপুরকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল থাইল্যান্ড। কিন্তু অল্পের জন্য চীনকে টপকাতে পারেনি তারা। দুই দলের মধ্যে লড়াইয়ে এগিয়ে থাকার সৌজন্যে গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে চলে গেছে চীন।
সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হতো থাইল্যান্ডকে। অথবা ৪ গোল দিয়ে দুই গোলের ব্যবধানে জিতলেও চীনকে টপকে যেত তারা। চীনের সমর্থকদের বিশ্বাস, ৩ গোল হজম করা সানির দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই সেটি করতে পারেনি থাইল্যান্ড।
পরিসংখ্যানও অবশ্য আছে সানির পক্ষে। থাইল্যান্ডের মুহুর্মুহু আক্রমণে ম্যাচে ১১টি শট ঠেকান সিঙ্গাপুর গোলরক্ষক। চীনের সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার এই পারফরম্যান্সের কথা।
ফুটবল খেলার পাশাপাশি নিজের স্ত্রীকে নিয়ে একটি খাবারের দোকান পরিচালনা করেন ৪০ বছর বয়সী সানি। কে বা কারা ওই দোকানের লেনদেনের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের কিউআর কোডের ছবি তুলে ছড়িয়ে দেন অনলাইনে। এরপর থেকে রীতিমতো অর্থের জোয়ারে ভাসছেন সানি।
অর্থের প্রবাহ এতই বেশি যে শুরুতে উপভোগ করলেও এখন থামানোর জন্য অনুরোধ করতে বাধ্য হলেন সানি। সিঙ্গাপুরের ব্রডকাস্ট চ্যানেল সিএনএকে দেওয়া সাক্ষাৎকারে এই অর্থের বৈধতা নিয়েও সংশয় প্রকাশ করলেন তিনি।
"কিছু সময়ের জন্য আমি উপভোগ করেছি। মনে হয়েছে, টাকা আসছে! তবে একইসঙ্গে মনে হচ্ছিল, এটি বন্ধ হবে কবে? এটি কি আদৌ আইনসিদ্ধ? আমার মনে হয়, আমাদের কোনো এক জায়গায় থামতে হবে।"
এই ঘটনার ফায়দা নিতেও ভুল করছে না অসাধু কিছু চক্র। এরই মধ্যে সানির দোকানের কিউআর কোড নকল করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। ফলে অনেকেই না বুঝে অসাধু চক্রের ব্যাংক হিসাবে পাঠিয়ে দিচ্ছে টাকা। তাই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে টাকা পাঠানো বন্ধের অনুরোধ করেছেন সানি।
