২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করে টটেনহ্যাম কোচ বললেন 'জয় হাতছাড়া করেছি'

দল প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় হতাশ ক্রিস্তিয়ান স্তেল্লিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 04:48 PM

Updated : 04 Apr 2023, 04:48 PM

এভারটনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন বেশি নিয়ে খেলেও জিততে পারেনি টটেনহ্যাম হটস্পার। দলের পারফরম্যান্স ও পয়েন্ট হারিয়ে হতাশ দলটির কোচ ক্রিস্তিয়ান স্তেল্লিনি। 

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে এভারটনের মাঠে আধা ঘণ্টার বেশি সময় এক জন বেশি নিয়ে খেলা টটেনহ্যাম ৬৮তম মিনিটে হ্যারি কেইনের সফল স্পট কিকে এগিয়ে যায়। তবে শেষ সময়ে সমতা টানেন মাইকেল কিন। 

আন্তোনিও কন্তেকে বরখাস্তের পর এটিই ছিল স্তেল্লিনির হাত ধরে টটেনহ্যামের প্রথম ম্যাচ। 

৫৮তম মিনিটে আবদুলাই দুকুরে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় এভারটন। তবে সেটা টটেনহ্যাম কাজে লাগাতে তো পারেইনি, উল্টো ৮৮তম মিনিটে বহিষ্কার হন দলটির ফরোয়ার্ড লুকাস মউরা। এর দুই মিনিট পর গোল হজম করে তারা। 

ম্যাচের পর স্কাই স্পোর্টসকে স্তেল্লিনি বলেন, তার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি দল।

“আমার কেবলই মনে হচ্ছে, আমরা দুই পয়েন্ট হারিয়েছি। তাদের থেকে আমাদের একজন (বেশি) খেলোয়াড় ছিল, আমাদের ম্যাচটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল।” 

“আমরা তাই করার চেষ্টা করেছি, কিন্তু আমি যেভাবে আশা করেছিলাম সেভাবে হয়নি। ১১ জন খেলোয়াড় নিয়ে আমাদের আরও ভালো খেলতে হবে। আপনি বল নিয়ে খেলা নিয়ন্ত্রণ করবেন, বল ছাড়া নয়।” 

পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। সমান পয়েন্টে গোল পার্থক্যে এগিয়ে তিনে নিউক্যাসল ইউনাইটেড, দুই ম্যাচ কম খেলেছে তারা। 

৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।