০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মেরিনোর জোড়া গোলে ক্রোয়াটদের আবার হারাল স্পেন

শুরুতে এগিয়ে গিয়ে এবং অনেকটা সময় লড়াই করে পয়েন্ট পাওয়ার আশা জাগালেও, শেষদিকে ১০ জন নিয়ে আর পারল না ক্রোয়াটরা।

মেরিনোর জোড়া গোলে ক্রোয়াটদের আবার হারাল স্পেন

আবারও বদলি নেমে দলের নায়ক মিকেল মেরিনো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 02:52 AM

Updated : 07 Oct 2026, 03:06 AM

টানা ম্যাচ খেলার ক্লান্তির কারণেই কিনা, নিজেদের সেরাটা মেলে ধরতে পারল না স্পেন। শুরুতে গোলও হজম করল তারা। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে আবারও দলকে পথ দেখালেন মিকেল মেরিনো। তার জোড়া গোলে ক্রোয়েশিয়াকে আবার হারিয়ে দিল লুইস দে লা ফুয়েন্তের দল।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার অনেকটা সময় পিছিয়ে থাকার পর, ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালও নিশ্চিত হয়েছে তাদের।

উয়েফা নেশন্স লিগে গত সপ্তাহে প্রথম লেগে ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। এবার ভালো কিছুর সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত পেরে উঠল না শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া ক্রোয়াটরা।

চার ম্যাচ খেলে সবগুলোই জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে স্পেন।

একই সময় শুরু আরেক ম্যাচে চেকিয়াকে ৩-০ গোলে হারানো ইংল্যান্ড ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে।

৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। চেকিয়ারা হেরেছে চার ম্যাচেই।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাত গোল হজম করা ক্রোয়াটরা এবার ঘরের মাঠে শুরুটা দারুণ করে। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে তারা, এবং ১৭তম মিনিটে গোলও আদায় করে নেয়।

ডান দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ডান দিক থেকে জোরাল শট নেন ইগর মাতানোভিচ। ঝাঁপিয়ে সেটা রুখে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক, অন্যপাশে ফাঁকায় বল পেয়ে হেডে কাজ সারেন ইভান পেরিসিচ।

জাতীয় দলের হয়ে এই অভিজ্ঞ উইঙ্গারের গোল হলো ৪০টি ১৬২ ম্যাচে।

বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও প্রথমার্ধে আক্রমণে একদমই ভালো করতে পারেনি স্পেন। ওই সময়ে গোলের জন্য পাঁচ শট নিয়ে কেবল একটিই লক্ষ্যে রাখতে পারে তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ভালো একটা সুযোগ পান দানি ওলমো, তবে ডি-বক্সে থেকে লক্ষ্যে শট রাখতে পারেননি এই বার্সেলোনা তারকা।

এর কিছুক্ষণ পরই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। ৬১তম মিনিটে ডি-বক্সে ওলমোর ছোট পাস পেয়ে, নিখুঁত প্লেসিং শটে জালে বল পাঠান মেরিনো। আগের ম্যাচে চেকিয়ার বিপক্ষে বদলি নেমেও একটি গোল করেন তিনি।

গত বিশ্বকাপে তো রীতিমতো সুপার সাব হয়ে উঠেছিলেন আর্সেনালের এই ফুটবলার। শেষ ষোলোয় ও কোয়ার্টার-ফাইনালে শেষ মুহূর্তে বদলি নেমে ব্যবধান গড়ে দেন তিনি।

৭৭তম মিনিটে নিজেদের ভুলে আবার বিপদে পড়তে বসে স্প্যানিশরা। তাদের ভুল পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান পেরিসিচ। তবে তার জোরাল শট কোনোমতে পা দিয়ে আটকে দলকে বাঁচান উনাই সিমন।

এরপর উল্টো বিপদে পড়ে যায় স্বাগতিকরা। মার্ক কুকুরেইয়াকে পেছন থেকে ফাউল করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পেরিসিচ। সিদ্ধান্তটি যদিও মানতেই পারছিলেন না ক্রোয়াট তারকা।

বল ছিল কুকুরেইয়ার পায়ে, পেছন থেকে পাশ কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন পেরিসিচ, কিন্তু তার পায়ে লেগে পড়ে যান স্প্যানিশ ডিফেন্ডার। ভিএআর পর্যালোচনার পরও সিদ্ধান্ত বদলায়নি।

১০ জন নিয়ে আর প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৮৮তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দেন মেরিনো। ক্লাব সতীর্থ মার্তিন সুবিমেন্দির বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে, প্রতিপক্ষের একজনকে বাধা দেওয়ার সুযোগ না দিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

বাকি সময়ে ম্যাচে ফেরার মতো আর কিছু করতে পারেনি ক্রোয়েশিয়া।

শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল, ইংল্যান্ডের জয়