০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল, ইংল্যান্ডের জয়

হার দিয়ে নেশন্স লিগ শুরুর পর টানা তৃতীয় জয় পেল টমাস টুখেলের দল।

শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল, ইংল্যান্ডের জয়

গোলের পর হ্যারি কেইনের উদযাপন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 02:41 AM

Updated : 07 Oct 2026, 03:19 AM

মাঠে নেমেই একটি রেকর্ডে নাম লেখালেন হ্যারি কেইন। উপলক্ষটা রাঙালেন তিনি জোড়া গোল করে। চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান বাড়ান কেইন। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন ইংল্যান্ড অধিনায়ক।

এ দিন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পিটার শিল্টনের ৩৬ বছরের রেকর্ডে ভাগ বসান কেইন, দুজনেরই ১২৫টি করে ম্যাচ।

দলটির রেকর্ড গোলস্কোরার কেইনের মোট গোল হলো ৯১টি।

হারে আসর শুরুর পর টানা তৃতীয় জয় পেল ইংল্যান্ড। কোয়ার্টার-ফাইনালেও এক পা দিয়ে রাখল তারা। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুইয়ে আছে দলটি।

একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটের টিকেট নিশ্চিত করেছে স্পেন। চার ম্যাচে শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে। চেকিয়া হেরেছে চার ম্যাচেই।   

ম্যাচে প্রায় ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৭ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। চেকিয়ার পাঁচ শটের একটিও লক্ষ্যে ছিল না।

ইংল্যান্ড ম্যাচের শুরুটা করে কিছুটা ধীরলয়ে। সময়ের সঙ্গে আক্রমণে জোর দেয় তারা। ডান প্রান্ত দিয়ে বারবার চেকিয়ার রক্ষণে ভীতি ছড়ায় স্বাগতিকরা। সেই প্রান্ত থেকে কেইনের তেমনই একটি পাসে বক্সে খুব একটা বিপদ ছিল না, কিন্তু ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে পাঠিয়ে দেন চেকিয়ার ভ্লাদিমির চৌফাল।

কয়েকটি লক্ষ্যভ্রষ্ট প্রচেষ্টার পর ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। ডান দিক থেকে মর্গ্যান রজার্সের পাস বক্সে ফাঁকায় পেয়ে সহজেই জালে পাঠান কেইন।

৫৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় ইংল্যান্ড। কর্নারে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন।

বাকি সময়েও আক্রমণে আধিপত্য ধরে রাখে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে কেইনকে তুলে নেওয়া হয়।

মেরিনোর জোড়া গোলে ক্রোয়াটদের আবার হারাল স্পেন