১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

স্ট্রাইকার নিয়ে দুর্ভাবনায় থাকা বাংলাদেশের জন‍্য সমাধান হতে পারেন তিনি।

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

রোনান সুলিভান। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 06:47 PM

Updated : 15 Oct 2026, 06:47 PM

আসছে সাফ চ্যাম্পিয়নশিপে নাম্বার নাইন পজিশন নিয়ে বাংলাদেশের যে দুঃশ্চিন্তা ছিল, তা দূর হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন রোনানের খেলার বিষয়টি।

গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেন রোনান। দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই তরুণ ফরোয়ার্ডের সাফে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, সেটা বৃহস্পতিবার দূর করে দিলেন ফাহাদ করিম।

“আলহামদুলিল্লাহ, আজকেই আমাকে সে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে (রোনান) আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় তালিকা নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।”

আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২০০৩ সালে প্রথম এবং সবশেষ এই শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

মালদ্বীপের রাজধানী মালেতে গত এপ্রিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছিল। ওই আসরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুটি এবং ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে গোল করেছিলেন তিনি।