‘হানি ট্র্যাপ’: কোন কৌশলে এড়িয়ে চলেন ভারতীয় সেনারা
ভালোবাসা ও বিশ্বাসের মতো স্বর্গীয় অনুভূতি যখন কাজ আদায় বা তথ্য হাতিয়ে নেওয়ার হাতিয়ার হয়ে উঠে, তার মর্মবেদনা ভুক্তভোগী ছাড়া আর কেই-বা বুঝে!
‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদ। ভালোবাসা ও বিশ্বাসের মতো স্বর্গীয় অনুভূতি যখন ‘কাজ আদায় বা তথ্য হাতিয়ে নেওয়ার হাতিয়ার’ হয়ে উঠে, তার মর্মবেদনা ভুক্তভোগী ছাড়া আর কেই-বা বুঝে!
সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা সেই প্রেমের ফাঁদে ধরা না দিয়ে কোন কৌশলে নিজেদের সুরক্ষিত রাখতে পারছেন, সেটিই জানিয়েছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত।
দিল্লিতে সোমবার এএনআই ন্যাশনাল সিকিউরিটি সামিটে এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলার ঘটনা বৃহত্তর গোয়েন্দা চ্যালেঞ্জের একটি ক্ষুদ্র অংশ মাত্র।”
“সরকারি গবেষণাগার থেকে শুরু করে বেসরকারি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাও এসব বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হচ্ছেন।“
তার ভাষায়, “বিদেশি গুপ্তচরচক্রের তৎপরতা মোকাবিলায় ভারতের সামরিক বাহিনী ও গবেষণা নেটওয়ার্কগুলো প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এসব চক্র এখন প্রচলিত প্রেমের ফাঁদের গণ্ডি পেরিয়ে সাইবার যুদ্ধসহ নানা প্রতারণার কৌশল নিচ্ছে।”
ভারতের প্রতিরক্ষা খাত বিদেশি গুপ্তচরের অনুপ্রবেশ বা তাদের কোনো অভিযানের ঝুঁকিতে রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে আশুতোষ দীক্ষিত বলেন, “এটি শুধু হানি ট্র্যাপের বিষয় নয়। মূলত এটি এক ধরনের সাইবার গুপ্তচরবৃত্তি। এটি গোয়েন্দা তৎপরতার বিষয়।”
“বর্তমানে সাইবার মাধ্যমসহ বিভিন্ন উপায়ে এবং নানা প্রলোভন দেখিয়ে গুপ্তচরবৃত্তি চালানো হয়। হানি ট্র্যাপ পুরো চিত্রের একটি দিক মাত্র। এর বাইরেও অনেক কিছু রয়েছে।”
আশুতোষ দীক্ষিত আরও বলেন, “মাল্টি-লেভেল মার্কেটিংয়ের ফাঁদ রয়েছে, ঋণদাতাদের শোষণমূলক তৎপরতাও রয়েছে। তারাও সক্রিয়। এসব বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন।
“আমরা নিবিড়ভাবে নজর রাখছি এবং বিষয়গুলো নিয়ন্ত্রণে একটি পদ্ধতিগত প্রচেষ্টা চালানো হচ্ছে।”
ভারতীয় বিমানবাহিনীর প্রধান বলেন, “সামরিক বাহিনীর মূল যোগাযোগ নেটওয়ার্কগুলো ‘এয়ার-গ্যাপড’ অর্থাৎ, সরাসরি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ায় বিদেশি গোয়েন্দারা এখন হার্ডওয়্যারের পরিবর্তে এসব নেটওয়ার্ক পরিচালনাকারী ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।”
আশুতোষ দীক্ষিত বলেন, “আমাদের নেটওয়ার্কগুলো এয়ার-গ্যাপড। তাই সেগুলোতে সরাসরি সাইবার হামলা চালানো অসম্ভব। কিন্তু ভেতরের কারো মাধ্যমে হুমকি তৈরির যে চেষ্টা চলছে, সে বিষয়ে আমরা সচেতন রয়েছি।”
এয়ার চিফ মার্শাল দীক্ষিত আরও বলেন, “এসব হুমকি মোকাবিলায় ইতোমধ্যে আমরা কিছু প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে তাদের নেটওয়ার্ক ব্যবহার বিষয়ে পরামর্শ দিচ্ছে আমাদের সংস্থা।”
দীক্ষিত বলেন, “তারা যদি এসব নির্দেশনা মেনে চলে, তাহলে আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিরাপদ থাকতে পারব।”
এনডিটিভি লিখেছে, প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক একাধিক গোয়েন্দা অভিযানে গ্রেপ্তারের ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী প্রধানের এসব বক্তব্য এল।
অভিযোগ রয়েছে, এসব ঘটনায় পাকিস্তানের আইএসআই সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় এবং আর্থিক প্রলোভন দেখিয়ে সামরিক বাহিনীর গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
সাম্প্রতিক একটি ঘটনায় ভারতীয় এক প্রতিরক্ষা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে সামরিক অভিযান ও সেনা মোতায়েনসংক্রান্ত স্পর্শকাতর তথ্য ফাঁস এবং এক সহকর্মীর মোবাইল ফোনে তথ্য চুরির ম্যালওয়্যার ইনস্টল করার অভিযোগ রয়েছে।
এনডিটিভিকে তদন্তকারীরা বলেছেন, ব্যক্তিগত জীবনে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া ওই কর্মকর্তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর বন্ধুত্ব হয়। ওই নারী এক পাকিস্তানি গোয়েন্দা পরিচালকের হয়ে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে।
এছাড়া গত অক্টোবরে অন্ধ্র প্রদেশের পুলিশ বিশাখাপত্তনম থেকে ভারতীয় নৌবাহিনীর নাবিক প্রদীপ মুখার্জি এবং চুক্তিভিত্তিক এক গাড়ি চালককে গ্রেপ্তার করে।
কয়েক মাস ধরে অনলাইনে পাকিস্তানের এক নারী গোয়েন্দার প্রলোভনের শিকার হয়েছিলেন ৩১ বছরের প্রদীপ।
হানি ট্র্যাপের সর্বশেষ আলোচিত ঘটনাটি ঘটেছে এআইভিত্তিক মার্কিন কোম্পানি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের জীবনে।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামে চীনা এক নারী ব্যবসায়ীর অতীত সম্পর্কের বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। তাতে এনভিডিয়ার সিইওর পদই ছাড়তে হয়েছে জেনসেনকে।
অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যদিও অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।
