১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি সত্যিই দুঃখিত’, ভুলের জন্য শ্রাবণের আবেগঘন বার্তা

পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে করা ভুলের জন্য সবার কাছে আন্তরিক ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই গোলকিপার।

‘আমি সত্যিই দুঃখিত’, ভুলের জন্য শ্রাবণের আবেগঘন বার্তা

মেহেদী হাসান শ্রাবণ। ছবি: শ্রাবণের ফেইসবুক পাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 05:29 PM

Updated : 15 Nov 2026, 05:29 PM

দুই হাঁটুর উপরে হাত দিয়ে, বিষন্ন মনে মাঠে বসে থাকার ছবি পোস্ট করেছেন মেহেদী হাসান শ্রাবণ। ছবিটিও রঙিন নয়, সাদাকালো। এই ছবিটিই বলে দিচ্ছে, পাকিস্তান ম্যাচে করা ভুলের জন্য তিনি কতটা অনুতপ্ত, ক্ষত-বিক্ষত।

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে পোস্ট আগলে রেখেছিলেন শ্রাবণ। মাঠ ছেড়েছিলেন ক্লিনশিট নিয়ে। শনিবার পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালেও পোস্টে তিনি ছিলেন বিশ্বস্ত দেয়াল হয়ে। কিন্তু তাড়াহুড়া করে শেষ দিকে বড় ভুল করে বসলেন শ্রাবণ। হজম করলেন গোল। বাংলাদেশও ১-০ গোলে হেরে ছিটকে গেল ঘরের মাঠের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে।

লম্বা থ্রোয়ে শ্রাবণ বল পাঠিয়েছিলেন মাঝমাঠে। কিন্তু সেখানে তার সতীর্থদের কেউ ছিল না। বল যায় পাকিস্তান হাইয়ান খাট্টাকারে পায়ে। এরপর তা আসে আব্দুল সামাদ শেহজাদের কাছে। তিনিই নিচু শটে পরাস্ত করেন শ্রাবণকে। ঝাঁপিয়ে বল আটকাতে পারেননি মিতুল মারমার বদলে সাফে পোস্টে দায়িত্ব পাওয়া এই গোলকিপার। ওই ভুলের কারণে শ্রাবণ এখন সমালোচকদের কাঠগড়ায়।

শ্রাবণ নিজেও স্বপ্ন ভাঙার বেদনায় বিধ্বস্ত। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইবুকে হৃদয় ভাঙার ইমোজি দিয়ে তিনি আন্তরিক ক্ষমা চেয়েছেন সবার কাছে।

“গত রাতে আপনাদের সবার সাথে উৎসব করার স্বপ্ন আমিও দেখেছিলাম, ভারী হৃদয়ে এই কথাগুলো লিখছি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে এবং এর কারণে যে হতাশা তৈরি হয়েছে, তা বুঝতে পারছি। এই মুহূর্তটিকে আমি একটি বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা।

“আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।”