পটারকে সময় দিতে বললেন গুয়ার্দিওলা
ম্যানচেস্টার সিটি কোচ মনে করেন, নতুন ক্লাবে একজন কোচের এক-দুই মৌসুম ভুগতে হতেই পারে।
২০ মাসের মধ্যে তিনটি ট্রফি এনে দিয়েও চেলসি থেকে ছাঁটাই হতে হয়েছিল টমাস টুখেলকে। কারণ, দলবদলে ২৫ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করেও প্রিমিয়ার লিগে তার দল ছিল ষষ্ঠ স্থানে। সে কারণে সেপ্টেম্বরে তাকে বিদায় করে কোচ করে আনা হয় গ্রাহাম পটারকে। তার কোচিংয়ে চেলসির কাটছে ঘোরতর দুঃসময়। চার দিনের মধ্যে তার দলকে দুইবার হারানো পেপ গুয়ার্দিওলা দাঁড়িয়েছেন পাশে, বলেছেন পটারের আরও সময় প্রয়োজন।
গত ৫ জানুয়ারি প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে সিটির বিপক্ষে ১-০ গোলে হারে চেলসি। এই টুর্নামেন্টে দলটি অবস্থান দশম।
সিটির মাঠে রোববার রাতে একপেশে ম্যাচে ৪-০ গোলে হেরে দলটি বিদায় নেয় এফএ কাপ থেকে। এর আগে গুয়ার্দিওলার দলের বিপক্ষেই ২-০ গোলে হেরে লিগ কাপে যাত্রা থামে চেলসির।
সব মিলিয়ে পরিস্থিতি বেশ সঙ্গীন। কেভিন ডে ব্রুইনে, আর্লিং হলান্ডদের মতো গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা সিটির বিপক্ষে ৪-০ গোলে হারার পর প্রবল চাপ ও সমালোচনার মুখে পড়েছেন পটার। ম্যাচ চলার সময় সাবেক কোচ টুখেলের নামে শ্লোগান দিয়েছেন চেলসি সমর্থকরা।
সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার অ্যালন শিয়েরার মানতেই পারছেন না সিটির বিপক্ষে চেলসির প্রথমার্ধের খেলা। সে সময় ৩-০ গোলে পিছিয়ে ছিল সফরকারীরা। লড়াইও করতে পারছিল না তারা। শিয়েরারের মতে, এই খেলা অগ্রহণযোগ্য, বিব্রতকর ও করুণ। পটার স্বীকার করে নিয়েছেন দল হিসেবে ভীষণ ভুগছে চেলসি। সবশেষ নয় ম্যাচের ছয়টিতেই হেরেছে তারা।
গত মৌসুমে পটার ছিলেন ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ডাগআউটে। তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে তাদের ইতিহাসের সেরা নবম স্থানে ছিল দলটি। অক্টোবরে চেলসিতে যোগ দেওয়ার আগে চলতি বছর ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে দলকে নিয়ে যান চতুর্থ স্থানে।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রত্যাশা পূরণ করতে না পারা পটারের অবস্থাটা ভালো করেই বুঝতে পারছেন গুয়ার্দিওলা। এফএ কাপে দাপুটে জয়ের পর বললেন, চেলসি কোচের আরও সময় প্রয়োজন।
“টড বোহেলিকে বলব, পটারকে আরও সময় দিতে। আমি জানি, বড় ক্লাবে ফল খুব গুরুত্বপূর্ণ। তবে আমি তাকে সময় দিতে বলব।”
“দ্বিতীয়ার্ধে যে খেলাটা খেলেছে চেলসি, সেটাই পটার। ব্রাইটনে সে যেটা করেছে, সেটা অসাধারণ। কিন্তু … আমাদের প্রথম মৌসুমে সময় লাগেই। বার্সেলোনায় প্রথম মৌসুমে আমার ছিল (লিওনেল) মেসি। আর সে ছিল বলেই আমার দুই মৌসুম লাগেনি।”
গুয়ার্দিওলার মতো শিয়েরারও মনে করেন, ঘুরে দাঁড়াতে পটারকে আরও সময় দেওয়া প্রয়োজন চেলসির।
