রোমাঞ্চকর জয়েও রক্ষণ নিয়ে দুর্ভাবনায় বার্সা কোচ
শাভি এর্নান্দেসের বিশ্বাস, ভুল শুধরে সামনে ভালো করবে তার দল।
ম্যাচের শুরুটা যেমন ছিল, তাতে আভাস ছিল সহজ জয়ের। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকার পর এক পর্যায়ে হারের শঙ্কা উঁকি দিয়েছিল বার্সেলোনা শিবিরে। ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতলেও তাই দলের পারফরম্যান্স নিয়ে খুব খুশি হতে পারছেন না শাভি এর্নান্দেস। কাতালান ক্লাবটির কোচ বলেছেন, রক্ষণে আরও উন্নতি না করলে সমস্যায় পড়তে হবে তাদের।
লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে গত শনিবারের ম্যাচে বার্সেলোনার শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ১৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় তারা, গোল করেন গাভি ও ফ্রেংকি ডি ইয়ং। এরপরই ছন্দ হারানোর শুরু তাদের। বিরতির আগে সমতা টানার পর দ্বিতীয়ার্ধে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ভিয়ারিয়াল।
এরপর বদলি নেমে ফরোয়ার্ড ফেররান তরেস গোল করে ফের ম্যাচে সমতা টানেন। ৭১তম মিনিটে রোমাঞ্চকর ম্যাচটির পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন তারকা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।
গত মৌসুম থেকে একজন রাইট-ব্যাক খুঁজছে বার্সেলোনা। কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত ফরাসি সেন্টার-ব্যাক জুল কুন্দে খেলেন ওই পজিশন। চলতি মৌসুমের প্রথম ম্যাচে রাইট-ব্যাক হিসেবে খেলেন রোনাল্দ আরাউহো। সেই ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তিনি। অনুশীলনে চোট পাওয়ায় ভিয়ারিয়ালের বিপক্ষে ছিলেন না আলেহান্দ্রো বাল্দে।
তাদের জায়গায় সবশেষ ম্যাচে খেলেন মার্কোস আলোনসো ও অধিনায়ক সের্হিও রবের্তো। বার্সেলোনার রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়েই জয়ের সম্ভাবনা জাগায় ভিয়ারিয়াল। শেষ পর্যন্ত আক্রমণভাগের নৈপুণ্যে চলতি মৌসুমে লিগে দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। নাটকীয়ভাবে তিন পয়েন্ট পাওয়ার স্বস্তি থাকলেও রক্ষণভাগ ভাবাচ্ছে শাভিকে।
“আমাদের কারণেই ম্যাচটা হয়েছে পাগলাটে ধরনের। আমরা আধিপত্য বিস্তার করেছি, কিন্তু আমরা খুব বেশি গোলও হজম করেছি। আক্রমণের দিক থেকে এটি একটি ভালো ম্যাচ ছিল, তবে রক্ষণভাগে আমাদের ভুগতে হয়েছে, যদিও প্রতিপক্ষের মাঠে খেলা সহজ নয়।”
“(মাঠে) আমি যা দেখেছি, সেটার জন্য আমি গর্বিত, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু আমরা যদি বল দখলে নেওয়ার জন্য চাপ দেওয়া বন্ধ করি, তাহলে আমরা সমস্যায় পড়ব। রক্ষণে আমাদের উন্নতি করতে হবে। তবে আমি সন্তুষ্ট।”
সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে আগামী রোববার ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা।
