১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

বিরূপ আবহাওয়ার ধাক্কা কাটিয়ে সেভিয়া থেকে ফিরেছে বার্সেলোনা

ভারী বৃষ্টির জন‍্য কয়েক দফা ফ্লাইট পেছানোর পর সেভিয়ায় হোটেলে রাত কাটায় বার্সেলোনা দল।

বিরূপ আবহাওয়ার ধাক্কা কাটিয়ে সেভিয়া থেকে ফিরেছে বার্সেলোনা

বার্সেলোনা দল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 08:14 PM

Updated : 18 Oct 2026, 08:14 PM

পিএসজি ম‍্যাচের আগে বার্সেলোনার প্রস্তুতি পরিকল্পনায় বাগড়া দিয়েছে বিরূপ আবহাওয়া। বৃষ্টির জন‍্য কয়েক দফায় ফ্লাইট পেছানোয় সেভিয়াতেই হোটেলে রাত কাটাতে বাধ‍্য হয়েছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা।

লা লিগা ম‍্যাচে শনিবার রেয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জেতে বার্সেলোনা। সেখান থেকে চারটার পরপর নিজেদের শহরে ফেরার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বিরূপ আবহাওয়ার জন‍্য পারেনি হান্সি ফ্লিকের দল।

বিমানে দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষার পর রাত ১টার দিকে নেমে আসেন বার্সেলোনার খেলোয়াড়রা। এক পর্যায়ে ঠিক হয় রাত ২টায় ছাড়বে তাদের ফ্লাইট, পরে আবার ভোর চারটার কথা বলা হয়। শেষ পর্যন্ত সেটিও বাতিল হয়ে যায় এবং হোটেলে ফিরে রাত কাটান দলের সবাই।

চ‍্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। আবহাওয়ার উন্নতি না হলে সেভিয়া থেকেই ওই ম‍্যাচের জন‍্য প‍্যারিসে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

শেষ পর্যন্ত রোববার সকালে সেভিয়া থেকে নিজেদের শহরে ফেরেন হাফিনিয়া, রদ্রিরা। দেরিতে শহরে ফেরায় পিএসজি ম‍্যাচের আগে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ ফ্লিক। রোববার পুরোদমে অনুশীলনের জায়গায় হালকা রিকোভরি সেশন করেন তিনি।