মেসির সঙ্গে সম্পর্ক কেমন, জানালেন রামোস
সাবেক বার্সেলোনা তারকার প্রশংসায় পঞ্চমুখ এই স্প্যানিশ ডিফেন্ডার।
লিওনেল মেসি ও সের্হিও রামোস কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে খেলবেন, বছর দুয়েক আগেও বিষয়টা ছিল অকল্পনীয়। সময়ের পরিক্রমায় পিএসজি শিবিরে তাই রুপ নিয়েছে বাস্তবতায়। সতীর্থ হিসেবে তাদের সম্পর্ক কেমন? আর্জেন্টাইন তারকাকে প্রশংসায় ভাসিয়ে স্প্যানিশ ডিফেন্ডার বললেন, তাদের রসায়নটা চমৎকার।
পিএসজিতে যোগ দেওয়ার আগে দীর্ঘ সময় ধরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে খেলেছেন রামোস ও মেসি। অসংখ্য দ্বৈরথে তারা লড়েছেন প্রতিপক্ষ হিসেবে। মাঠে বিভিন্ন সময়ে তাদের একজনের অন্যজনের ওপর মেজাজ হারাতেও দেখা গেছে।
তবে সেসসব এখন অতীত। গত বছর অগাস্টে কাতালান ক্লাবটি থেকে পিএসজিতে পাড়ি জমান মেসি। তার কিছুদিন আগে রামোস আসেন রিয়াল ছেড়ে।
তাই মাঠে এই দুই জনকে একসঙ্গে দেখার, তাদের মধ্যে সম্পর্ক কেমন জানার-এসব নিয়ে সমর্থকদের মাঝে শুরু থেকেই কৌতুহল অনেক। পেশাদার খেলোয়াড় হিসেবে মাঠে তাদের বোঝাপড়া দারুণ হলেও বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানারকম গুঞ্জন শোনা গেছে। এ বছরের শুরুর দিকেই যেমন কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছিল যে তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ রাউন্ডে বুধবার ইউভেন্তুসের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রামোসের কাছে তার ও মেসির 'খারাপ' সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে তিনি হেসে উড়িয়ে দেন।
রিয়ালের সাবেক অধিনায়ক বলেন, তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে এবং সতীর্থ হিসেবে মেসির সঙ্গে খেলা তার কাছে বেশ উপভোগ্য।
“আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে সবার কৌতূহল জাগে। কিন্তু শেষ পর্যন্ত আমরা খেলোয়াড় যাদের লক্ষ্য একই, পিএসজির হয়ে জেতা এবং দলকে সেরাদের কাতারে নিয়ে যাওয়া।”
“মেসির সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। আমরা একে অপরকে অনেক শ্রদ্ধা করি। নিঃসন্দেহে তাকে সতীর্থ হিসেবে পাওয়াটা দারুণ। মেসির সঙ্গে অথবা বিপক্ষে খেলার মধ্যে একটি বেছে নিতে বলা হলে, আপনার সিদ্ধান্ত দ্রুত ও ইতিবাচকই হবে।”
মেসির সঙ্গে একই দলে খেলতে পারা রামোসের কাছে সৌভাগ্যের ব্যাপার।
“লিও সর্বোচ্চ স্তরে পারফর্ম করে চলেছে। আমাদের অবশ্যই এই দিকে জোর দিতে হবে যে খেলোয়াড়দের তাদের বয়স দিয়ে নয়, পারফরম্যান্স দিয়ে মাপা উচিত।”
“(মেসি) এখনও মাঠে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তারকারী খেলোয়াড়দের ও সেরাদের একজন, তাকে দলে পাওয়াটা সৌভাগ্যের বিষয়।”
৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইউরোপ সেরার মঞ্চে 'এইচ' গ্রুপ থেকে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে পিএসজি।
