০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গু ৩ ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

চলতি বছর এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট ৩৯ জন এবং হাম ও উপসর্গ নিয়ে ৫৩ জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 07:47 PM

Updated : 04 Nov 2026, 07:47 PM

চট্টগ্রামে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন ও হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে ৩ জনই শিশু।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে যে ৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুই বছর পাঁচ মাস বয়সি এক শিশু রয়েছে। এছাড়া ৪২ বছর বয়সি ও ৫১ বছর বয়সি দুই নারীও মারা গেছে। শিশুটি সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। দুই নারীর মধ্যে একজন সীতাকুণ্ডের ও অন্যজনের বাড়ি সাতকানিয়া উপজেলায়।

চলতি বছর এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হল। এরমধ্যে অক্টোবরে ১৫ জন ও সেপ্টেম্বর মাসে ১৬ জন মারা যায়। তাদের মধ্যে ২১ জন নারী, ১১ জন শিশু।

অন্যদিকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম জেলায় গত একদিনে ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার মাস বয়সি এক শিশু রয়েছে; যা বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়। অন্যজনের বয়স সাড়ে পাঁচ বছর; তার বাড়ি নগরীর ডবলমুরিং এলাকায়।

চট্টগ্রাম জেলায় গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন নগরীতে এবং বাকি ১৫ জন বিভিন্ন উপজেলার মারা যায়। এছাড়া হাম শনাক্ত হয়ে মারা গেছে আরও ৩ শিশু।