Published : 13 Dec 2023, 04:07 AM
লুকা মদ্রিচের পেনাল্টি মিসের পরই গোল খেয়ে রেয়াল মাদ্রিদের হতাশা বাড়ল আরও। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হোসেলুর জোড়া গোলে এগিয়ে গেল তারা। শেষ দিকে আবার ম্যাচে নাটকীয় মোড়; সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশা জাগাল ইউনিয়ন বার্লিন। দানি সেবাইয়োসের শেষ মুহূর্তের গোলে অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির দল।
শতভাগ সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল রেয়াল। বার্লিনের মাঠে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতল ইউরোপের সফলতম দলটি।
আগেই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করা রেয়াল গ্রুপে জিতল ছয় ম্যাচের সবগুলো, পয়েন্ট ১৮।
একই সময়ে আরেক ম্যাচে ব্রাগাকে ২-০ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। ব্রাগার পয়েন্ট ৪, বার্লিনের ২।
ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে প্রথম ভালো সুযোগ পায় বার্লিন। জার্মান ফরোয়ার্ড কেভিন বেরেন্সের ভলি ব্যর্থ করে দেন গোলরক্ষক কেপা আরিসাবালাগা।
দশম মিনিট সুযোগ আসে রেয়ালের সামনে। লুকাস ভাসকেসের দারুণ পাস খুঁজে পায় জুড বেলিংহ্যামকে। তবে ইংলিশ মিডফিল্ডারের শট আটকে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। ষোড়শ মিনিটে হোসেলুর হেড ক্রসবারের ওপরের অংশে লেগে বেরিয়ে যায়।
আধিপত্য ধরে রাখা রেয়াল প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পেনাল্টি পায়। স্পট কিকে মদ্রিচ শট নেন সোজাসুজি। আগেই এক দিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক বল ঠেকান পা দিয়ে।
বার্লিনের বক্সে তাদের ডিফেন্ডার গিয়োগো লেইতের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
পরক্ষণেই রেয়ালকে স্তব্ধ করে এগিয়ে যায় বার্লিন। বক্সের বাইরে বল ক্লিয়ার করার চেষ্টায় পড়ে যান রেয়াল ডিফেন্ডার ডাভিড আলাবা। ভেতরে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন কেভিন ভলান্ড।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন রদ্রিগো। কাছ থেকে তার হেড হাত বাড়িয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক।
৬১তম মিনিটে সমতা ফেরান হোসেলু। রদ্রিগোর ক্রসে হেডে বল জালে পাঠান ৩৩ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। ১০ মিনিট পর আরেকটি হেডে দলকে এগিয়ে নেন তিনি।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে জোরাল শটে সমতা টেনে ম্যাচ জমিয়ে তোলেন অ্যালেক্স ক্রাল। নাটকীয়তার তখনও বাকি। ৮৯তম মিনিটে বেলিংহ্যামের পাস ধরে বক্সে ঢুকে লক্ষ্যভেদে রেয়ালকে জয় এনে দেন সেবাইয়োস।