কর্ণাটকের সত্যনারায়াণের কথা কি পৌঁছবে বাফুফের সালাউদ্দিনের কাছে?
সরকার এবং স্পন্সরদের সহযোগিতা ছাড়াই দারুণ গতিতে এগিয়ে চলেছে কর্ণাটকের ফুটবল, সেখানে সহযোগিতা না পাওয়ার ‘অজুহাতে’ পিছিয়ে পড়ছে বাংলাদেশ।
“সরকার বা এআইএফএফ থেকে আমরা এক পয়সাও পাই না”, অনেকটা নির্লিপ্ত কণ্ঠেই বললেন এম সত্যনারায়ণ। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের একটি সাদামাটা রুমে প্লাস্টিকের চেয়ারে বসে আছেন ভদ্রলোক। তিনি কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কদিন আগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ডেপুটি সেক্রেটারি জেনারেল হয়েছেন। এই কক্ষটি তার অফিসও নয়। যখন তার সাথে কথা হচ্ছে, তখন তিনি ব্যস্ত সৌজন্য টিকেট বিতরণে! বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের মহাভারও তার কাঁধে।
৩০ বছর সাংবাদিকতা করেছেন গালফ নিউজে, প্রতিষ্ঠানটির ডেপুটি এডিটরের দায়িত্বেও ছিলেন। কিংবদন্তি পেলে, লিওনেল মেসিসহ অনেক তারকার সাক্ষাৎকার নেওয়ার ঈর্ষণীয় অভিজ্ঞতাও তার আছে। এই মানুষটি এখন কাঁধে বয়ে চলেছেন কর্ণাটক ফুটবলের ভার। নেপথ্যে আরও একজন আছেন। তিনি নালাপদ আহমেদ হারিস, যিনি কর্ণাটক স্টেট ফুটবলে অ্যাসোসিয়েশনের সভাপতি।
এই রাজ্যের ফুটবলে এগিয়ে নেওয়ার জন্য হারিসই বেছে নিয়েছিলেন সত্যনারায়ণকে। এখন হারিস-সত্যনারায়ণ ‘জুটি’র হাত ধরেই এগিয়ে চলছে কর্ণাটকের ফুটবল।
যদিও সত্যনায়রাণ কৃতিত্ব নিজেদের এই বিশ্বস্ত জুটিকে দিতে নারাজ, ‘টিম ওয়ার্ক’-এর ফল হিসেবে দেখেন সবকিছু। বারবার পাশে বসে থাকা কোষাধ্যক্ষ এম কুমারকে দেখিয়ে বললেন, “এর হাত ঘুরে এক আনা এদিক-ওদিক হওয়া দুঃসাধ্য; খুটিয়ে খুটিয়ে দেখে তবেই পয়সা ছাড়ে, আমরা কিন্তু কোনো বেতন-ভাতাও নেই না”। কুমারও আত্মতুষ্টির হাসিতে মাথা নাড়েন।
সত্যনায়রাণকে প্রথম দেখার অনুভূতি কিছুটা বিস্ময়ের। বিশালবপুর মানুষটি হেলেদুলে চলতে চলতে যা বললেন, তা আরও জমক জাগানিয়া, “আল্লাহ, ভগবান আমাকে অনেক দিয়েছেন, অর্থ, বিত্ত, সবকিছু, আমি শুধু চেয়েছিলাম, পিছিয়ে পড়া কর্ণাটকের ফুটবলের উন্নতি। চার বছর আগে সুযোগ পেয়েছিলাম, সবাইকে সাথে নিয়ে সেই কাজটি করে যাচ্ছি। সামনেই আমাদের নির্বাচন আছে, যদি আমার বদলে অন্য কেউ জয়ী হয়, তাহলে তাদের জন্য কাজটা কঠিন হবে।”
কতটা আত্মবিশ্বাসী হলে বলা যায় এমন কথা!
সরকারের কাছে থেকে কোনো আর্থিক সহায়তা নেই, ফেডারেশনও কিছু দেয় না, সত্যনারায়ণ জানালেন, এ বছর নামমাত্র কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এআইএফএফ। তাহলে কর্ণাটকের ফুটবলে দুর্বার গতিতে ছুটে চলেছে কিভাবে? প্রশ্ন শুনে কৌতুহলী দৃষ্টিতে উত্তর দিলেন সত্যনারায়ণ, সে দৃষ্টিতে প্রত্যয়ের ছাপ থাকল স্পষ্টই।
“চার বছর আগে আমরা গঠনতন্ত্রে পরিবর্তন আনলাম এবং নতুন ১২০টি ক্লাবকে অন্তর্ভুক্ত করলাম। শুরুর পাঁচ বছরে তারা সহযোগী সদস্য থাকবে, এরপর তাদের কার্যক্রমের ভিত্তিতে ভোটাধিকার পাবে। আমাদের ৩০টি জেলা আছে। কিন্তু চার বছর আগে মাত্র আটটি জেলা ফুটবলীয় কার্যক্রমে সক্রিয় ছিল। এখন সক্রিয় ২৮টি! আমরা ফুটবলকে কর্ণাটকে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। কেননা, অতীতে আমাদের সংস্কৃতি ছিল, অলিম্পিকে খেলা আহমেদ খানের মতো ফুটবলারের জন্ম দিয়েছে কর্ণাটক।”
“চার বছর আগে আমাদের মাত্র চারটি উইমেন’স ফুটবল ক্লাব ছিল। কিন্তু এখন মেয়েদেরই তিনটি লিগ আছে। ১০ দল দিয়ে সুপার ডিভিশন লিগ, আট দল নিয়ে ‘এ’ ডিভিশন লিগ এবং খেলা শুরু করা ১০টি ক্লাব নিয়ে নাইন-এ-সাইড ‘বি’ ডিভিশন লিগ চলছে।”
সত্যনারায়ণের কথায় বিস্ময়ের ঘোর জাগে। ভোটের স্বার্থে কাউন্সিলরশিপ নিয়ে কত কাণ্ডই না হয় বাংলাদেশে! মেয়েদের লিগের অবস্থাও যাচ্ছেতাই, বসুন্ধুরা কিংসকে যা একটু টেক্কা দেয় বাংলাদেশ ফুটবলে ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের নামে প্রতিষ্ঠিত কলেজের দলটি, বাকিরা পারে না মাথা তুলে দাঁড়াতে। অথচ কর্ণাটক মাথা তুলে দাঁড়াচ্ছে নিজ পায়ে, সরকার বা কারও সহযোগিতা ছাড়াই! কিভাবে সম্ভব? সত্যনারায়ণ সেটিও বিস্তারিত জানান, যেখানে মিশে আছে স্বাবলম্বী হওয়ার তাড়না প্রবল।
“আমরা ভারত সরকার বা এআইএফএফ’র কাছ থেকে কোনো অর্থ পাই না। তেমন পৃষ্ঠপোষকতাও (স্পন্সরও) নেই। যদিও এ বছর এআইএফএফ চারটি লিগের জন্য আমাদের ১২ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা যেটা করি, সেটা হচ্ছে কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামটা আমাদের শহরের মধ্যমণি, সেটাকেই কাজে লাগাই। সকাল ৬টা থেকে নয়টা এবং রাতে ৮টা থেকে ১২টা পর্যন্ত প্র্যাকটিসের জন্য ভাড়া দেই বিভিন্ন একাডেমির কাছে। এখান থেকে আমার প্রতি বছর ৩০ লাখ রূপির মতো আসে। প্রতিটি ক্লাব বা একাডেমির কাছ থেকে তিন হাজার করে পাই।”
“প্রতিটি ক্লাবের কাছ থেকে ভাড়াবাবদ ৩ হাজার রুপি করে নেই। এখান থেকে কিছুটা আমরা লিগ চালাতে ব্যবহার করি, বাকিটা ব্যবহার করি প্রতিষ্ঠানিক কাজে। প্রতিটি লিগ ম্যাচ থেকেও আমি তিন হাজার রুপি করে আয় করি। এখানকার একাডেমি এবং ক্লাবগুলো যে সব ছেলে-মেয়েরা খেলে, তাদের পিতামাতা তিন থেকে পাঁচ হাজার রুপি করে ট্রেনিংয়ের জন্য প্রতি মাসে খরচ দেয়। আমাদের অর্থের সংস্থান হয় এভাবে।”
বুঝে নিতে কষ্ট হয় না, হারিস কেন ‘ডায়নামিক’ সত্যনারায়ণকে বেছে নিয়েছিলেন। যদিও নির্বাচনের সময় এই প্রতিষ্ঠিত সাংবাদিকের কর্ণাটক ফুটবল চালানোর সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল ঢের। তার হাত ধরে এখন প্রদেশটিতে গত বছর ছেলেদের অনূর্ধ্ব-৯, ১১, ১৩, ১৫, ১৮ এবং ২১ বয়সভিত্তিক ফুটবল চলছে। যুব লিগও হচ্ছে, যেখানে প্রতিটি ক্লাব কমপক্ষে ১৫টি করে ম্যাচ খেলার সুযোগ পায়!
প্রাদেশিক ফুটবলের নিয়ন্তা সংস্থার সদিচ্ছা এবং একাডেমিগুলোর সক্রিয়তা পাইপলাইনে মানসম্পন্ন ফুটবলার আনার পথটাও করছে প্রশস্ত। কেননা, কোচরাও পাচ্ছেন ভালো পারিশ্রমিক। সত্যনারায়ণ যেমন জানালেন, একাডেমিতে কাজ করা কোচদের মধ্যে এএফসি ‘সি’ লাইসেন্সধারীরা পাচ্ছেন ২৫ হাজার রুপি করে, ‘বি’ লাইসেন্সধারীরা ৪৫ হাজার এবং ‘এ’ লাইসেন্সধারীরা পাচ্ছে ৬০ হাজার বা তারও বেশি রুপি করে।
ভিন্নধর্মী উদ্যোগ আছে আরও। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের আইটি (ইনফরমেশন টেকনলজির) রাজধানী। নাগরিক কর্মব্যস্ত জীবনে নাভিশ্বাস উঠে যাওয়া অভিভাবকদেরকে তাদের সন্তানের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য ফুটবলের প্রয়োজনীয়তা ক্লাব বা একাডেমির মাধ্যমে বোঝানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানালেন সত্যনারায়ণ।
“এর ফলও আমরা ইতোমধ্যে পেতে শুরু করেছি। আন্তঃপ্রাদেশিক টুর্নামেন্টে আমাদের অনূর্ধ্ব-১৮ দল রানার্সআপ হয়েছে। ৫৪ বছর পর এ মৌসুমে আমরা আন্তঃপ্রাদেশিক সান্তোস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছি, গত চার বছর এ প্রতিযোগিতায় সেমি-ফাইনাল খেলেছি এবং এবার জিতেছি। দেখুন, সুনিল ছেত্রির মতো তারকা এখন আমাদের বেঙ্গালুরু এফসির হয়ে খেলে।”
“একসময় আমাদের অফিসে কোনো সুষ্ঠু পদ্ধতি ছিল না। হারিসের সহযোগিতায় আমি এবং বাকিরা মিলে এটা আনতে চেয়েছি। আমাদের মনে হয়েছিল, যদি আমরা এটা করতে পারি, তাহলে কর্ণাটকের ফুটবলেকে এগিয়ে নিতে পারব। হয়তো একই গল্প হতে পারে ভারতে এবং বাংলাদেশেও। আমি আসলে মনে করি, প্রশাসকদের আরও সক্রিয় হওয়া উচিত।”
সত্যনারায়ণের কথা বাংলাদেশ ফুটবলে ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের কানে কি পৌঁছবে? সরকারের সহযোগিতা নেই, এআইএফএফ কিংবা পৃষ্ঠপোষকদের সাহায্যের হাত নেই, কিন্তু কর্ণাটক ছুটে চলেছে আপন পায়ে ভর করে, কারো মুখাপেক্ষী না থেকে!
