১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দ. কোরিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হওয়াং সুন-হং

বিশ্বকাপ বাছাই পর্বে থাইল‍্যান্ড ম‍্যাচের জন‍্য দলকে প্রস্তুত হতে সহায়তা করবেন দক্ষিণ কোরিয়ার সাবেক এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 05:07 PM

Updated : 27 Feb 2024, 06:58 PM

এশিয়ান গেমস ফুটবলে দেশকে সোনা এনে দেওয়া হওয়াং সুন-হংকে আরও বড় দায়িত্ব দিয়েছে দক্ষিণ কোরিয়া ফুটবল অ‍্যাসোসিয়েশন (কেএফএ)। ইয়ুর্গেন ক্লিন্সমানের জায়গায় দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন সাবেক এই ফুটবলার।

বিশ্বকাপ বাছাই পর্বের পরের ম‍্যাচের জন‍্য সন হিউং-মিনদের প্রস্তুত হতে সাহায‍্য করবেন হওয়াং। তার কোচিংয়ে ২০২২ এশিয়ান গেমসে সোনা জিতেছিল দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দল।

আগামী মার্চে থাইল‍্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ বাছাইয়ের এই ম‍্যাচের আগে বরখাস্ত কোচ ক্লিন্সমানের উত্তরসূরি খুঁজছিল কেএফএ’র উপদেষ্টা পরিষদ।

গত এশিয়ান কাপের সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার হারের পর এবং নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে চাকরি হারান ক্লিন্সমান। তার জায়গায় কোচ হয়ে আসা হওয়াং ছিলেন ২০০২ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলা দক্ষিণ কোরিয়া দলের সদস‍্য।

কেএফএ’র উপদেষ্টা কমিটির প্রধান জুং হে-সুং জানান, মার্চে থাইল‍্যান্ডের বিপক্ষে ম‍্যাচ দুটির পর ফের অনূর্ধ্ব-২৩ দলের কোচের ভূমিকায় ফিরে যাবেন কোচ হিসেবে তাদের প্রথম পছন্দ হওয়াং।

“আমাদের কমিটি এই সময়ে পূর্ণকালীন কোচ নিয়োগের জন‍্য গভীর আলোচনা চালিয়ে যাবে। আমরা কেমন ফুটবল খেলতে চাই, এর পর্যালোচনা করবে এবং কোন ঘরানার ফুটবল কোচ আমাদের প্রয়োজন।”

তারা নতুন কোচ পাওয়ার আগ পর্যন্ত দুটি দায়িত্ব সামলাতে হবে হওয়াংকে। একদিকে জাতীয় দলকে প্রস্তুত করতে হবে বাছাই পর্বের ম‍্যাচের জন‍্য। আরেক দিকে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের তৈরি করতে হবে আসন্ন প‍্যারিস অলিম্পিকসের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের জন‍্য।

জাতীয় দলকে ঐক‍্যবদ্ধ করার চ‍্যালেঞ্জও নিতে হবে হওয়াংকে। এশিয়ান কাপের সেমি-ফাইনালের আগে টটেনহ‍্যাম হটস্পার ফরোয়ার্ড ও অধিনায়ক সনের সঙ্গে পিএসজি মিডফিল্ডার লি কাং-ইনের ঝামেলা নিয়ে চর্চা চলছে এখনও।