২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে জরিমানা করতে চেয়েছিলেন বার্সা কোচ!

দলের অনুশীলনে হাজির না থাকার শাস্তি হিসেবে লিওনেল মেসিকে সর্বোচ্চ জরিমানা করতে চেয়েছিলেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। স্পেনের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ক্লাবের অধিনায়করা কোচকে এই সিদ্ধান্ত নেওয়া থেকে ফিরিয়ে আনেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 01:23 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

পেটের সমস্যায় অনুশীলনে অনুপস্থিত মেসি
মেসি-নেইমার বিতর্কে বার্সা কোচের পাশে আনচেলত্তি
মেসি-নেইমারকে একাদশে না রাখা নিয়ে অনুতাপ নেই এনরিকের

স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত জানায়, গত সোমবার পেটের পীড়ার কারণ দেখিয়ে অনুশীলনে যাননি মেসি। রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়ার পরের দিন ক্লাবের সমর্থকদের সামনে অনুশীলন করে বার্সেলোনার খেলোয়াড়রা। সেদিনই মেসির না থাকাটা মেনে নিতে পারেননি এনরিকে।

স্পোর্তের খবর অনুযায়ী, মেসিকে শৃঙ্খলাভঙ্গের সর্বোচ্চ শাস্তি দিতে চেয়েছিলেন এনরিকে। বিষয়টি জানতে পেরে কোচের সঙ্গে দেখা করেন বার্সেলোনার তিন অধিনায়ক চাভি এর্নান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তা আর সের্হিও বুসকেতস। তারা কোচকে বোঝান, বিষয়টি নিয়ে পরিস্থিতি আর জটিল করা ঠিক হবে না।

পরিস্থিতি হালকা করতে কোচকে অধিনায়করা মেসির সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন। স্পোর্তের খবর অনুযায়ী, এ নিয়ে বুধবার আলোচনা হওয়ার কথা।