২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমারকে একাদশে না রাখা নিয়ে অনুতাপ নেই এনরিকের

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার হেরে যাওয়ার কারণ হিসেবে অনেকেই দেখছেন লুইস এনরিকের কৌশলগত ভুলকে। প্রথমার্ধে লিওনেল মেসি ও নেইমারকে বসিয়ে রাখার সমালোচনা করেন অনেকে। তবে লুইস এনরিকে এটা নিয়ে অনুতাপ করছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 05:26 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

রোববার রাতে সোসিয়েদাদের মাঠে জরদি আলবার আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হারে বার্সেলোনা।

মেসি ও নেইমার দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে গোল শোধ করতে পারেনি তারা।

রোববার মুনির এল হাদ্দাদির পরিবর্তে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। আর নেইমার ৫৮তম মিনিটে মাঠে নামেন পেদ্রোর বদলি হিসেবে। ম্যাথিউ ভালবুয়েনার পরিবর্তে ৭০তম মিনিটে মাঠে নামেন আলভেস।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ বার্সেলোনার হাতেই ছিল। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠে-মেসি, নেইমার আর আলভেসকে কেন শুরুর একাদশে রাখলেন না এনরিকে। এর ব্যাখ্যাও দেন এনরিকে, “এখন এই সিদ্ধান্তগুলো নিয়ে দু:খ করার সময় নয়। আমি গোটা মৌসুমকে এক সঙ্গে দেখি এবং দলের জন্য যেটা ভালো সেটাই করি।” এনরিকে আরো বলেন, “(মেসি ও নেইমারকে শুরুতে না নামানোর সিদ্ধান্ত নিয়ে) অনুতাপ করে কোনো লাভ নেই। খেলোয়াড়রা যাতে কোনো ঝুঁকিতে না পড়ে, এ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি।” সব কিছু মিলিয়েই মেসি ও নেইমারকে শুরুর একাদশে রাখার ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেন এনরিকে। “কোনো ঝুঁকি না নেয়াকেই ভালো মনে করেছি আমি। আবারও একই সিদ্ধান্ত নেব কি নেব না সেটা আমি জানি না।”