২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুইফকে রাখছে না বাফুফে, দায়িত্বে টিটো

জাতীয় দলের কোচের পদ থেকে লোডভিক ডি ক্রুইফকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থাকছেন না ক্রুইফের সহকারী রেনে কোস্টারও। আরেক সহকারী সাইফুল বারী টিটোকে আপাতত জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 03:39 PM

Updated : 22 Aug 2022, 07:20 PM

শনিবার বাফুফে কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা শেষে ক্রুইফকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান সভাপতি কাজী সালাউদ্দিন। এর ফলে বাংলাদেশের ফুটবলে ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের ‘বিতর্কে ভরা অধ্যায়’ শেষ হয়ে গেল।

“তাকে (ক্রুইফ) আর কোচ হিসেবে রাখা হবে না। আপাতত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন টিটো।”

গত বছরের জুনে জাতীয় দলের কোচ হয়ে আসেন ক্রুইফ। বাফুফের দাবি, প্রায় ১৬ মাস দায়িত্বে থাকলেও তিনি দলের সঙ্গে কাজ করেছেন খুব কম সময়ই। জাতীয় দলকে উল্লেখ করার মতো সাফল্য এনে দিতে পারেননি তিনি। ইনচনের গত এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রুইফের কোচিংয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে।

পাওনা বেতন, আবাসনের ত্রুটি ও ব্যক্তিগত সুযোগে-সুবিধার ঘাটতি নিয়ে গণমাধ্যমের কাছে বারবার অভিযোগ করেন ক্রুইফ। এ ইস্যুতে বাফুফের সঙ্গে তার সম্পর্কের অবনতি হতে থাকে।

সম্পর্কের চূড়ান্ত অবনতি হয় কয়েক দিন আগে বকেয়া বেতন ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ক্রুইফ অভিযোগ আনলে। নেদারল্যান্ডসে থাকা ক্রুইফ বাফুফেকে ‘মিথ্যাবাদী’ উল্লেখ করে ফেইসবুকে স্ট্যাটাস দেন। জানিয়ে দেন, বাফুফের সঙ্গে আর কাজ করতে চান না তিনি।

বাফুফের কর্মকর্তারা জানান, এশিয়ান গেমসের পর সাত-আটদিনে ছুটি নিয়ে দেশে যান ক্রুইফ। ঈদের পর পরই তার ফেরার কথা ছিল। কিন্তু না ফিরে ক্রুইফ পাওনা বেতনের জন্য ফিফার কাছে নালিশ করার কথা ফেইসবুকে লেখেন। এরপরই কোচকে বিদায় করে দেয়ার প্রক্রিয়া শুরু করে ‘ক্ষুব্ধ’ বাফুফে।

সালাউদ্দিন জানিয়েছেন, ক্রুইফের পাওনা বেতনের বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করবে বাফুফে।

“দায়িত্ব নেয়ার পর সাত মাসই সে (ক্রুইফ) ছিল নেদারল্যান্ডসে। তাকে আমরা এ পর্যন্ত ১১ মাসের বেতন দিয়েছি। তাকে আর কোনো টাকা দেয়া হবে কিনা, তা নিয়ে আমরা ফিফার কাছে পরামর্শ চাইব।”

কয়েক দিন পর বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ফুটবল দল। ২৪ অক্টোবর যশোর এবং তিন দিন পর রাজশাহীতে বাংলাদেশের সঙ্গে দুটি ম্যাচ খেলবে তারা। এ দু'টি ম্যাচে বাংলাদেশের কোচের ডাগ আউটে দেখা যাবে টিটোকে।

টিটো এর আগে ২০১০ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।

পুরনো খবর:

ক্রুইফের আচরণে ক্ষুব্ধ বাফুফে