মিলান, ১৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একই শহরের ক্লাব হলেও প্রায় জন্মলগ্ন থেকে এসি মিলান ও ইন্টার মিলানের মধ্যে রেষারেষি। দুই মিলানের প্রতিদ্বন্দ্বিতাটা এবার ছড়িয়ে পড়লো রোনালদিনিয়োকে নিয়ে। দিন কয়েক আগে এসি মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি এবং রোনালদিনিয়োর ভাই ও এজেন্ট জানিয়েছিলেন দু পক্ষের মধ্যে প্রাথমিক সম্মতির খবর। অথচ এখন ইন্টারের প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি জানাচ্ছেন তারা রোনালদিনিয়োকে দলে নিতে আগ্রহী!
দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার সম্পর্কে আগ্রহের কথা মোরাত্তিই উড়িয়ে দিয়েছিলেন এর আগে। কিন্তু 'স্কাই' টিভির সঙ্গে কথা বলার সময় ইন্টার প্রেসিডেন্টই জানালেন চমকপ্রদ তথ্যটা, "আগামী সপ্তাহে (রোনালদিনিয়োকে দলে নেয়ার) সম্ভাব্যতা যাচাই করবো আমরা। বার্সেলোনা এবং রোনালদিনিয়োর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। ব্যাপারটা আমরা দেখবো।"
ডি অ্যাসিস অবশ্য বলেছিলেন একমাত্র এসি মিলানের সঙ্গেই তিনি এ ব্যাপারে কথা বলেছেন। তবে বার্সেলোনা-তারকার ভাইয়ের কথাকে তেমন গুরুত্ব দিতে রাজি নন মোরাত্তি, "ব্যাপারটা কিছুটা হলেও আমাদের সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে। এ ব্যাপারে (এসি) মিলান ভালো মতোই এগিয়েছে। যার অর্থ ট্রান্সফার মার্কেট এখন (সবার জন্যই) খোলা। সেজন্যই আমাদের জন্যও এটা খোলা।"
ট্রান্সফার মার্কেট খোলা হলেও মৌসুম শেষ না হওয়া পর্যন্ত দলবদল করা সম্ভব নয় রোনালদিনিয়োর পক্ষে। অবশ্য তিনি নিজেই নিজেকে কিনে নিয়ে বার্সেলোনার চুক্তির বাইরে রাখলে তা সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫০ঘ.
bdnews24