২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে ছাড়ছে না বার্সেলানা

নেইমারকে ছাড়ার কোনো ইচ্ছা বার্সেলোনার নেই বলে আবারও জানিয়ে দিয়েছেন কাতালান ক্লাবটির সহ-সভাপতি জরদি মেস্ত্রে।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 06:20 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে গোল না পেলেও লা লিগায় এখন পর্যন্ত ২১ গোল করেছেন নেইমার। 
 
নেইমারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে অনেক দিন ধরে আলোচনা চললেও এখনও দুই পক্ষ মতৈক্যে পৌঁছায়নি। নেইমারের বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে মেস্ত্রে বার্সা টিভিকে বলেন, “নিশ্চিতভাবে না। আমি এটা অনেকবার বলেছি। … আমরা নেইমারকে নিয়ে খুশি এবং সে বিক্রির জন্য নয়।”

“(লিওনেল) মেসি আর অন্যদের সঙ্গে ভালো ফুটবল খেলতে আর শিরোপা জিততে চেয়েছিল বলে সে এখানে এসেছিল। তার দারুণ একটি মৌসুম কাটছে। সময় এলেই সে চুক্তি নবায়ন করবে। তার চুক্তির মেয়াদ এখনও আছে।”

নেইমার বার্সেলোনায় সুখেই আছে জানিয়ে মেস্ত্রে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাব কিভাবে তার সঙ্গে আছে এবং সে কিভাবে ক্লাবের সঙ্গে আছে। তাকে সুখী মনে হচ্ছে এবং শহরের সঙ্গে মানিয়ে নিয়েছে সে। দলের প্রতি সে বিশ্বস্ত। আমি নিশ্চিত, আমরা একটা ঐক্যমতে পৌঁছাব।”
 
এ মাসের গোড়ার দিকে ব্রাজিলের ফুটবল কনফেডারেশনকে পাঠানো এক চিঠিতে বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছিলেন, নেইমারকে তারা কোপা আমেরিকা আর অলিম্পিক ফুটবলের মধ্যে একটি প্রতিযোগিতার জন্য ছাড়তে চায়।
 
মেস্ত্রে বলেন, “এটা সত্য যে, তাকে আমরা একটি ফিফা প্রতিযোগিতায় (কোপা আমেরিকা) খেলা থেকে আটকাতে পারি না। কিন্তু আমরা সুপারিশ করেছি যে, সে একটি প্রতিযোগিতায় (অলিম্পিক) খেলুক। কারণ, অনেক ম্যাচ খেলেছে সে।”

পুরনো খবর:

দেপোর্তিভোর মাঠে কোণঠাসা বার্সা