দেপোর্তিভোর মাঠে কোণঠাসা বার্সা
হঠাৎ পথ হারানো বার্সেলোনা শিবিরে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। আরেকটি অঘটনে তাদের লা লিগা শিরোপা স্বপ্নও ভেঙে যেতে পারে। তাই জয়ের পাশাপাশি নিজেদের সেরা রূপে ফেরার লক্ষ্যেও এবার দেপোর্তিভো লা করুনার মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা।
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লেও লিগ ও কোপা দেল রেতে শিরোপা জয়ের পথেই আছে বার্সেলোনা। তবে সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে তাও আজ হুমকির মুখে।
কয়েক সপ্তাহ আগে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে সহজেই লিগ জয়ের স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু টানা চার ম্যাচ জয়শূন্য থেকে পরিস্থিতি এখন জটিল। পয়েন্টের হিসেবে কাতালান ক্লাবটিকে ছুঁয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ; ১ পয়েন্ট কম নিয়ে ঘাড়ে নি:শ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।
৩৩ রাউন্ড শেষে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট সমান ৭৬, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লুইস এনরিকের দল।
একই সঙ্গে দুই তারকা লিওনেল মেসি ও নেইমারের ফর্মহীনতাই এর মূল কারণ। প্রথম ৩০ রাউন্ডে মাত্র দুটি ম্যাচে হারা বার্সেলোনা শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে, অন্যটি ড্র। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও রিয়াল সোসিয়েদাদের পর সবশেষ গত রোববার নেইমাররা হারে ভালেন্সিয়ার কাছে।
এই সময়ে আতলেতিকোর কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে কাতালান ক্লাবটি। সব মিলিয়ে শেষ ছয় ম্যাচে চারটি হারের মূল কারণ ছিল আক্রমণভাগের ওই দুই তারকার গোল খরা।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “আপনার কাছে এটা অদ্ভুত লাগতে পারে- কিছু মানুষ বেশি জিততে পছন্দ করে; আর আমি এমন চ্যালেঞ্জ পছন্দ করি। এগুলো আমাকে অনুপ্রাণিত করে। আপনি কল্পনাও করতে পারবেন না, আগামীকালের ম্যাচ খেলার ব্যাপারে আমি কেমন অনুভব করছি এবং এই ব্যর্থতার ধারা শেষ করতে পারলে আমি কতটা উচ্ছ্বসিত হব।”
এক হিসেবে ভালেন্সিয়ার কাছে ঘরের মাঠে হারের ম্যাচে অবশ্য কিছুটা আশার আলো দেখেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচ পর সে দিন গোলের দেখা পেয়েছেন মেসি। কিন্তু নেইমার এখনও নিজেকে খুঁজে ফিরছেন; সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোলশূন্য তিনি। দলকে কক্ষপথে ফেরাতে তাই এই ব্রাজিলিয়ান তারকার ছন্দে ফেরাও অতি জরুরি, সঙ্গে চাই মেসির ধারাবাহিকতা।
তবে নেইমারের গোল খরা নিয়ে চিন্তিত নন এনরিকে। নেইমার নিজেও নাকি তা নিয়ে ভাবছেন না, দেপোর্তিভো ম্যাচই নেইমারের এখন একমাত্র ভাবনা বলে জানান এনরিকে।
“নেইমার শুধু আগামীকালকের ম্যাচ নিয়েই ভাবছেন। আমার সব চিন্তাও এখন এ ম্যাচ ঘিরে।”
সব ভাবনা দূরে ঠেলে দেপোর্তিভো ম্যাচ দিয়েই অবশ্য ঘুরে দাঁড়াতে আশাবাদী এনরিকে। গত রোববার ভালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারের পর শেষ পাঁচ রাউন্ডে জিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়ের কথা শুনিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনেও বললেন তাই।
“অবশ্যই আমি বিশ্বাস করি, বার্সেলোনা লা লিগা শিরোপা ধরে রাখবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ থাকলে আমি এখানে বসে থাকতাম না।”
৩৩ ম্যাচে মাত্র ৩৮ পয়েন্ট পাওয়া দেপোর্তিভোর সাম্প্রতিক পারফরম্যান্সও অবশ্য ভালো নয়; শেষ তিন ম্যাচের একটি হার ও দুটি ড্র।
শক্তির বিচারে তো বার্সেলোনার ধারেকাছেই নেই পয়েন্ট তালিকার ত্রয়োদশ স্থানে থাকা দেপোর্তিভো। কিন্তু গতবারের ‘ট্রেবল’ জয়ীদের সমস্যাটা যখন নিজেদের নিয়েই, তখন প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা ভাবনার বিষয় নয়।
