বার্সার বাজে পারফরম্যান্সই এনরিকের অনুপ্রেরণা!
লিগ শিরোপা ধরে রাখার লক্ষ্যে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে হঠাৎ ছন্দপতনে নিজেদের হারিয়ে খুঁজে ফেরা বার্সেলোনা। তবে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে নাকি দারুণ অনুপ্রাণিত বোধ করছেন লুইস এনরিকে।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনার একসময় এবারের লিগ শিরোপা জেতাটা সহজ এক লক্ষ্যই মনে হচ্ছিল। কিন্তু টানা তিন ম্যাচ হেরে সহজ কাজটাই জটিল করে তুলেছে কাতালান দলটি।
এনরিকের কথায় অবশ্য তেমন কোনো দু:শ্চিন্তার আভাস মিলছে না। উল্টো জটিল এ পরিস্থিতিতে তার অনুভূতি কিছুটা অবাক করার মতোই বটে।
“আপনার কাছে এটা অদ্ভুত লাগতে পারে- কিছু মানুষ বেশি জিততে পছন্দ করে; আর আমি এমন চ্যালেঞ্জ পছন্দ করি। এগুলো আমাকে অনুপ্রাণিত করে। আপনি কল্পনাও করতে পারবেন না, আগামীকালের ম্যাচ খেলার ব্যাপারে আমি কেমন অনুভব করছি এবং এই ব্যর্থতার ধারা শেষ করতে পারলে আমি কতটা উচ্ছ্বসিত হব।”
এ অবস্থায় হোঁচট খেলেই শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়তে পারে বার্সেলোনা। তবে আর কোনো অঘটনের চিন্তা মাথাতেই আনছেন না এনরিকে।
গত রোববার ভালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারের পর শেষ পাঁচ রাউন্ডে জিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়ের কথা শুনিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনেও বললেন তাই।
“অবশ্যই আমি বিশ্বাস করি, বার্সেলোনা লা লিগা শিরোপা ধরে রাখবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ থাকলে আমি এখানে বসে থাকতাম না।”
আগামী বুধবার দেপোর্তিভোর মাঠে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
