২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোল খরা নিয়ে চিন্তা নেই নেইমারের’

মাঠে সময়টা ভালো যাচ্ছে না নেইমারের, তবে তা নিয়ে মোটেও নাকি চিন্তিত নন তিনি। লুইস এনরিকে জানান, ব্যক্তিগত ব্যর্থতা ভুলে কোণঠাসা অবস্থা থেকে দলকে পথে ফেরানো নিয়েই শুধু ভাবছেন ব্রাজিলের এই তারকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 09:27 PM

Updated : 25 Jul 2022, 09:23 PM

গত পাঁচ ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করতে পারেননি নেইমার। এর মধ্যে লিগের তিন ম্যাচের তিনটিতেই হারে তারা। অন্য দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে, সেখানে আতলেতিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে হেরে ছিটকে পড়ে কাম্প নউয়ের দলটি।

ফর্মহীনতার কারণে সমালোচনার মুখেও পড়েছেন এবারের লিগে এখন পর্যন্ত ২১ গোল করা নেইমার। সবশেষ লিগে ভালেন্সিয়ার কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারের ম্যাচে গোল না পাওয়া এই ফরোয়ার্ড প্রতিপক্ষের ডিফেন্ডার আন্তোনিও বারাগানের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লিগার ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। এ ম্যাচই নেইমারের এখন একমাত্র ভাবনা বলে জানান এনরিকে।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “নেইমার শুধু আগামীকালকের ম্যাচ নিয়েই ভাবছেন। আমার সব চিন্তাও এখন এ ম্যাচ ঘিরে।”

পুরনো খবর:

দেপোর্তিভোর মাঠে কোণঠাসা বার্সা
বার্সার বাজে পারফরম্যান্সই এনরিকের অনুপ্রেরণা!
‘দ্রুত ছন্দে ফিরবে নেইমার’