‘দ্রুত ছন্দে ফিরবে নেইমার’
কয়েক সপ্তাহ ধরে ফর্মহীনতায় ভুগছেন নেইমার, যার প্রভাব পড়েছে বার্সেলোনার পথচলাতেও। তবে এই ব্রাজিলিয়ান তারকা দ্রুতই ছন্দে ফিরবেন বলে বিশ্বাস কার্লোস পুয়োলের।
গত পাঁচ ম্যাচে ক্লাবের হয়ে গোল করতে ব্যর্থ হয়েছেন নেইমার। সবশেষ লিগে ভালেন্সিয়ার কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারে গোলশূন্য ছিলেন তিনি।
গত রোববারের ওই ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার আন্তোনিও বারাগানের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবারের লিগে এখন পর্যন্ত ২১টি গোল করা নেইমার। তবে পুয়োল তার পুরনো সতীর্থের সমালোচনা করতে নারাজ।
পুয়োলের মতে, নেইমারের জন্য একটি খারাপ ম্যাচকেও ভালো বলা যেতে পারে। কারণ সেখানেও সে দর্শনীয় কিছু কাজ করে।
আগামী বুধবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লিগের ৩৪তম ম্যাচ খেলবে বার্সেলোনা। সাম্প্রতিক খারাপ সময় কাটিয়ে কাতালান ক্লাবটি এবারের লা লিগা ও কোপা দেল রের শিরোপা জিতবে বলেও আশা প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক পুয়োল।
৩৩ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও সমান ৭৬, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তারা। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
