২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকেও বদলের ইচ্ছা ছিল জিদানের

ভলফসবুর্গের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে অন্যদের ঝালিয়ে নিতে এইবারের বিপক্ষে নিয়মিত একাদশের আট জনকে মাঠে নামাননি জিনেদিন জিদান। শেষ দিকে ক্রিস্তিয়ানো রোনালদোকেও তুলে নেওয়ার ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদ কোচের, যদিও তা সম্ভব হয়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 06:33 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

লা লিগায় রোনালদোর ইতিহাস
রোনালদোর নৈপুণ্যে রিয়ালের বড় জয়

গত কয়েক ম্যাচের নিয়মিত একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে শুধু পেপে, কাসেমিরো ও রোনালদোকেই এইবারের বিপক্ষে প্রথম একাদশে রাখেন জিদান। মূল গোলরক্ষক কেইলর নাভাস, অধিনায়ক সের্হিও রামোস, তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ, দুই তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল ও করিম বেনজেমারা না থাকলেও গত শনিবারের ম্যাচে জয় নিয়ে ভাবতে হয়নি রিয়ালকে।

প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না দিতে পারলেও নিজেদের জালেও বল জড়াতে দেয়নি তারা। দল সহজ জয়ের পথে থাকায় রোনালদোকে তুলে নিতে চেয়েছিলেন জিদান।

“ম্যাচ শেষের ১৫ মিনিট আগে রোনালদোকে পরিবর্তনের পরিকল্পনা ছিল আমার। কিন্তু হেসে (রদ্রিগেস) ব্যথা অনুভব করায় রোনালদোর বদলে তাকে তুলে নেওয়া হয়।"

তবে সেটা কোনো সমস্যা নয় বলেও মনে করেন জিদান। তার মতে, রোনালদো ৯০ মিনিটেরও বেশি সময় খেলার যোগ্য।

এই ম্যাচেই দলের তৃতীয় গোলটি করে স্পেনের শীর্ষ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়েন রিয়াল মাদ্রিদ তারকা।

আগামী মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ভলফসবুর্গের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে খেলবে রিয়াল। জার্মান ক্লাবটির বিপক্ষে প্রথম পর্বে ২-০ গোলে হারায় শেষ চারে উঠতে ঘরের মাঠে তিন গোলের ব্যবধানে জিততে হবে তাদের।

চ্যালেঞ্জটা কঠিন মানলেও ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী জিদান বলেন, “আমরা জানি, আমাদের কি করতে হবে। আমরা দুই গোল পিছিয়ে আছি এবং জটিল এক অবস্থায় আছি। তবে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে।”