দ্রুত ঘুরে দাঁড়ানোর সংকল্প বার্সা কোচের
লা লিগায় টানা দুই হারের ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ানোর সংকল্পের কথা জানিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।
রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে গত শনিবার ১-০ গোলে হেরে আসে বার্সেলোনা। এর আগের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
টানা দুই হারে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ৩ হয়েছে শীর্ষ দল বার্সেলোনার। ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৪।
ম্যাচ শেষে এনরিকে বলেন, “এটা পরিষ্কার, লা লিগা উন্মুক্ত, রোমাঞ্চকর। কিন্তু আমরা এখনও শীর্ষে আছি। আর এখন আমাদের শিগগিরই ঘুরে দাঁড়াতে হবে।”
২০০৭ সালের মে মাসের পর সোসিয়েদাদের মাঠে কোনো ম্যাচ না জেতা বার্সেলোনা শনিবার পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে।
এনরিকে বলেন, “ম্যাচটি (আমাদের জন্য) সম্ভাব্য সবচেয়ে বাজেভাবে শুরু হয়েছে। তারা তাদের প্রথম সুযোগ থেকেই গোল করে। প্রথমার্ধটা খুব বাজে গেছে আমাদের। আমাদের আরও নিয়ন্ত্রণ রাখার দরকার ছিল।”
শেষের দিকে বার্সেলোনার বেশ কয়েকটি ভালো প্রচেষ্টা রুখে দেওয়া সোসিয়েদাদের গোলরক্ষক হেরেনিমো রুলির প্রশংসা করেন এনরিকে। তবে নিজের শিষ্যদের আরও মাথা খাটিয়ে খেলা উচিত ছিল বলে মনে করেন বার্সেলোনা কোচ।
“আমরা ম্যাচটি ঘুরিয়ে দিতে মাথার চেয়ে হৃদয়ের ব্যবহারই বেশি করতে চেয়েছি।”
“এই ধরনের ম্যাচ আপনার উপর পাথরের মতো চেপে বসবে। কিন্তু এখনও খেলা আছে। দেখি, আমরা কিভাবে উন্নতি করতে পারি; হা-হুতাশ করে নয়, এখান থেকে বরং চিন্তা নিয়ে ফিরতে হবে, দলের জন্য প্রত্যেকে কী করতে পারে।”
লিগ জয়ের সম্ভাবনা নিয়ে এনরিকে বলেন, “গত বছর এই পর্যায়ে গোল পার্থক্য ছাড়া আমরা কেবল দুই পয়েন্ট এগিয়ে ছিলাম। আমরা যে বিশ্বের সেরা দল তা দেখানোর জন্য দারুণ এক সুযোগ এটা।”
"স্পষ্টতই আমরা আর কোনো পয়েন্ট হারাতে পারব না। সবশেষ কয়েকটি ম্যাচে আমরা আমাদের সেরা রূপে ছিলাম না। আর এই লিগ জিতবে বাকি ম্যাচগুলোতে সবচেয়ে ধারাবাহিক দল। ভালেন্সিয়ার বিপক্ষে (আগামী রোববার) কাম্প নউকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি পূর্ণ দেখতে চাই আমি", যোগ করেন এনরিকে।
