২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর ভুল করা চলবে না বার্সার’

লা লিগায় সবশেষ তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়া বার্সেলোনার সামনে আর ভুল করার সুযোগ নেই বলে মনে করেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 05:52 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে গত শনিবার ১-০ গোলে হেরে আসে বার্সেলোনা। এর আগের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছিল তারা। আর গত ২০ মার্চ ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল লুইস এনরিকের দল।

সোসিয়েদাদের কাছে হেরে যাওয়া ম্যাচ শেষে ইনিয়েস্তা বলেন, “বিষয়গুলো এখন আঁটসাঁট হয়ে যাচ্ছে। আমরা বলতে গেলে এখন আর ভুল করতে পারব না।”

২০০৭ সালের মে মাসের পর সোসিয়েদাদের মাঠে কোনো জয় না পাওয়া বার্সেলোনা পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে। এর পর ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেও পারেনি এনরিকের দল। 

ইনিয়েস্তা বলেন, “পেছন থেকে ফিরে আসাটা সব সময়ই কঠিন। … যত ভুল করা সম্ভব ছিল, তার সবগুলোই করেছি আমরা।”

৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৩।  ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

ইনিয়েস্তা বলেন, “আমরা এখনও শীর্ষে আছি। কী আসছে আমরা শুধু তা নিয়েই ভাবছি; পেছনে তাকাচ্ছি না আর কী ঘটেছে তা নিয়ে চিন্তা করছি না।”

“আমাদের ভাগ্য এখনও নিজেদের হাতেই আছে।”

আগামী বুধবার আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ নিয়ে বার্সেলোনার এই মিডফিল্ডার বলেন, “এর প্রভাব চ্যাম্পিয়ন্স লিগে পড়বে না। এটা ভিন্ন প্রতিযোগিতা, একটা নকআউট লড়াই।”