বার্সার ভাবনায় এখন চ্যাম্পিয়ন্স লিগ
রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়ার হতাশা দূরে সরিয়ে বার্সেলোনার কোচ লুইস এনরিকে এখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নেওয়া নিয়ে ভাবছেন।
সোসিয়েদাদের মাঠ থেকে গত শনিবার লা লিগায় ১-০ গোলে হেরে আসে বার্সেলোনা। এর আগের ম্যাচে নিজেদের মাঠে রিয়ালের কাছেও হেরেছিল এনরিকের দল।
টানা দুই হারে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ৩ হয়েছে শীর্ষ দল বার্সেলোনার। ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৪।
বার্সেলোনার টানা দুই হারে শিরোপা লড়াই জমে উঠলেও আপাতত লা লিগার ভাবনা পাশে সরিয়ে রাখছেন এনরিকে।
“এখন আমাদের বুধবার আর (চ্যাম্পিয়ন্স লিগের) সেমি-ফাইনালে ওঠা নিয়ে ভাবতে হবে।”
আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি খেলবে বার্সেলোনা। লুইস সুয়ারেসের জোড়া গোলে নিজেদের মাঠে প্রথম পর্বে ২-১ ব্যবধানে জিতেছিল কাতালান ক্লাবটি।
